ছাদে বাগান করছেন? এই গাছগুলি রাখলে সংসারে বাড়তে পারে অশান্তি!

ছাদে বাগান করার শখ আজকাল অনেকেরই রয়েছে। একটুকরো সবুজের খোঁজে অনেকেই বাড়ির ছাদ বা বারান্দা নানা ধরনের গাছে সাজিয়ে তোলেন। প্রকৃতির কাছাকাছি থাকলে মন যেমন ভালো থাকে, তেমনই ছাদের সৌন্দর্যও বাড়ে। তবে সব গাছ ছাদে রাখা ঠিক নয় বলে মনে করে বাস্তুশাস্ত্র। ভুল গাছ রাখলে ঘরের সুখ-শান্তি বিঘ্নিত হতে পারে এবং সংসারে অশান্তি বা মানসিক চাপ বাড়ার আশঙ্কা থাকে। চলুন জেনে নেওয়া যাক বাস্তুশাস্ত্র অনুযায়ী ছাদে কোন গাছ রাখা উচিত নয় এবং কোনগুলি রাখা শুভ।
ছাদে কোন গাছ রাখবেন না?
কাঁটাযুক্ত ক্যাকটাস গাছ অনেকেই সৌন্দর্য বাড়ানোর জন্য ছাদে বা ঘরের কোণে রাখেন। কিন্তু বাস্তু মতে, কাঁটাযুক্ত গাছ ছাদে রাখা উচিত নয়। এমন গাছ নেতিবাচক শক্তি আকর্ষণ করে বলে মনে করা হয়, যার ফলে পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য এবং মানসিক চাপ বাড়তে পারে।
অশ্বত্থ ও বট গাছ অনেক সময় বর্ষাকালে বা পাখির মাধ্যমে ছাদের কোণে কিংবা দেওয়ালে আপনা আপনি অশ্বত্থ বা বট গাছ গজিয়ে ওঠে। ধর্মীয় দিক থেকে এই দুটি গাছ পবিত্র হলেও বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির ছাদে এদের বেড়ে ওঠা শুভ নয়। পবিত্র মনে করে অনেকেই ছাদে রেখে দেন, তবে বাস্তু বিশেষজ্ঞদের মতে এগুলো সাবধানে তুলে অন্য কোথাও পুঁতে দেওয়া উচিত।
শুকনো ও মরা গাছ গাছের সঠিক যত্ন না নিলে অনেক সময় গাছ শুকিয়ে যায় বা মরে যায়। বাস্তু মতে, ছাদে দীর্ঘদিন শুকনো বা মৃত গাছ ফেলে রাখা অশুভ। এটি স্থবিরতা ও হতাশার ইঙ্গিত দেয় বলে মনে করা হয়, যা বাড়ির পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই শুকনো বা মরা গাছ দ্রুত সরিয়ে টবে নতুন মাটি দেওয়া এবং নিয়মিত জল ও রোদ দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
ছাদে কোন গাছ লাগানো শুভ?
বাস্তুশাস্ত্র অনুযায়ী, ছাদে তুলসী, গাঁদা, জবা এবং জুঁইয়ের মতো সুগন্ধি গাছ রাখা শুভ বলে মনে করা হয়। তুলসী যেমন পবিত্র, তেমনই গাঁদা ও জবার মতো ফুল ছাদের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি পুজোর কাজেও লাগে। এসব গাছ ছাদে থাকলে ইতিবাচক পরিবেশ বজায় থাকে এবং সংসারে সুখ-সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয়।