পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ, শর্তসাপেক্ষে এসইউসিআই-কে সভার অনুমতি দিল হাইকোর্ট

রাজনৈতিক সভার অনুমতি নিয়ে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগের পর শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে শর্তসাপেক্ষে সভা করার অনুমতি পেল এসইউসিআই। আগামী ২৯ নভেম্বর দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানার অন্তর্গত দুর্গানগর মোড়ে এই সভা করতে পারবে দল। তবে ৭৫০ জন নয়, সর্বোচ্চ ৪৫০ জন কর্মী-সমর্থককে নিয়ে সভা করার অনুমতি দিয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ।

আদালতে এসইউসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, গত ৩ নভেম্বর দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার এবং বকুলতলা থানার ওসি-র কাছে সভার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। দলের অভিযোগ, দীর্ঘদিন কেটে গেলেও পুলিশ প্রশাসনের তরফে সেই আবেদনের কোনও সাড়া মেলেনি। বাধ্য হয়েই হাইকোর্টের দ্বারস্থ হয় তারা।

উভয় পক্ষের বক্তব্য শোনার পর সভার অনুমতি দিলেও একাধিক শর্ত আরোপ করেছে আদালত। নির্দেশ অনুযায়ী, ২৯ নভেম্বর দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সভা করা যাবে। জমায়েতে সর্বাধিক ৪৫০ জন উপস্থিত থাকতে পারবেন। সভা চলাকালীন এলাকার যান চলাচল সচল রাখতে হবে। সভাস্থলের সামনে স্থানীয় হাট-বাজার থাকায় ট্রাফিক ব্যবস্থায় যাতে কোনও বিঘ্ন না ঘটে, সেদিকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে।

পাশাপাশি সভার জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে বকুলতলা থানাকে নির্দেশ দিয়েছে আদালত। সভা পরিচালনার দায়িত্বে থাকা পাঁচজন স্বেচ্ছাসেবকের নাম ও ফোন নম্বর আগামী ২৭ নভেম্বর সন্ধ্যার মধ্যে পুলিশের কাছে জমা দিতে হবে। সভা শান্তিপূর্ণ রাখতে হবে এবং কোনও প্ররোচনামূলক বা অপ্রীতিকর মন্তব্য করা যাবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালত। এ ছাড়া সভা শেষ হওয়ার পরপরই অস্থায়ী ছাউনি খুলে ফেলতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *