গভীর রাতে বাড়িতে গিয়ে হেনস্তা নয়! পুলিশকে কড়া নির্দেশ হাইকোর্টের

কোনও অভিযোগ জমা পড়লেই পুলিশ ইচ্ছেমতো কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারে না কিংবা তাঁর বাড়িতে গিয়ে হয়রানি বা হেনস্তা করতে পারে না। অভিযোগে জামিন অযোগ্য অপরাধের তথ্য সামনে এলে এবং সে বিষয়ে এফআইআর নথিভুক্ত হলে তবেই তদন্তের অধিকার পায় পুলিশ। একটি ফৌজদারি মামলার শুনানিতে এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে উত্তরাখণ্ড হাইকোর্ট।
বিচারপতি পঙ্কজ পুরোহিতের বেঞ্চে এই মামলার শুনানি হয়। আদালতে মামলাকারীর অভিযোগ ছিল, কয়েকজন ব্যক্তি এক পুলিশকর্মীকে সঙ্গে নিয়ে গভীর রাতে তাঁর বাড়িতে যান। ওই সময় মামলাকারীর বাবাকে ছেলেকে থানায় পাঠানোর কথা বলা হয় বলে অভিযোগ। পাশাপাশি, এক ব্যক্তির জন্য ৪০ লক্ষ টাকা দাবি করা হয়েছিল বলেও আদালতে জানানো হয়।
অন্যদিকে, রাজ্যের আইনজীবী আদালতে জানান যে, আবেদনকারীর বিরুদ্ধে একটি অভিযোগ জমা পড়েছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য খোঁজা হচ্ছিল। এক পুলিশকর্মী আবেদনকারীর বাড়িতে গিয়ে তাঁর বাবার কাছে ছেলের খোঁজ নেন এবং থানায় পাঠানোর অনুরোধ করেন।
শুনানির সময় আদালত স্পষ্ট করে দেয় যে, থানায় অভিযোগ জমা পড়লে এবং তা জামিন অযোগ্য অপরাধের আওতায় পড়লে সেটিকে এফআইআর হিসেবে নথিভুক্ত করা যেতে পারে; আর এফআইআর দায়ের হওয়ার পরই পুলিশ তদন্তের প্রক্রিয়া শুরু করতে পারে।
আদালতের পর্যবেক্ষণ, একজন নাগরিককে গভীর রাতে বাড়িতে গিয়ে অযথা হয়রানি করা যায় না। নির্ধারিত আইন ও যথাযথ কর্তৃত্ব ছাড়া কোনও নাগরিকের বাড়িতে গিয়ে তাঁকে হেনস্তা করার অধিকার পুলিশের নেই।
মামলাকারী ও তাঁর পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়ে আদালত পুলিশকে জানায়, আইনসম্মত অনুমতি ছাড়া আবেদনকারীর বাড়িতে গিয়ে তাঁকে হয়রানি করা যাবে না। ২৪ ঘণ্টার মধ্যে তাঁর নিরাপত্তার ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয়। আদালতের বক্তব্য, আইন মেনে নির্ধারিত প্রক্রিয়া ছাড়া কোনও নাগরিকের শান্তি ও স্বাধীনতায় হস্তক্ষেপ করা সমীচীন নয়। এই নির্দেশের পর মামলাটি নিষ্পত্তি করে দেয় উত্তরাখণ্ড হাইকোর্ট।