‘মৃত তৃণমূল’ ও ‘ঋত তৃণমূল’ মন্তব্যে তোলপাড়, শারদ্বতকে নিয়ে কী বললেন দিলীপ ঘোষ?

দিন দুয়েক আগে নিজের সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিও পোস্ট করেছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। সেই ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘‘একটা মৃত তৃণমূল আর একটা ঋত তৃণমূল। মৃত তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় শেষ হয়ে গেছে। আর ঋতব্রত তৃণমূল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, হাতের ছোঁয়া আছে বলে চলছে।’’ স্বাস্থ্যমন্ত্রীর এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা ও পাল্টা প্রতিক্রিয়া।
বৃহস্পতিবার সকালে পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষকে সতীর্থ শারদ্বত মুখোপাধ্যায়ের ওই মন্তব্য সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমি এই বিষয়ে কিছু বলব না। যে যার প্রেডিকশন। রাজনীতিতে প্রেডিকশন থাকবেই। রাজনীতিতে নিজের মতামত দিতেই পারেন যে কেউ।’’
অন্যদিকে, বুধবারের পর বৃহস্পতিবারও শারদ্বত মুখোপাধ্যায়ের মন্তব্য নিয়ে আক্রমণাত্মক অবস্থান বজায় রাখেন কুণাল ঘোষ। বুধবার তিনি মন্তব্য করেছিলেন, ‘‘স্বাস্থ্যমন্ত্রী যা বলেছেন তাতে মুখোশ খুলে গেছে। বিজেপি মদত দিচ্ছে, এরা বি টিম, আমরা বারবার বলেছি। আজ ছাপ্পা লাগিয়ে দেওয়া হয়েছে। যেদিন মুখ্যমন্ত্রীর হাত থাকবে না, সেদিন ওরা থাকবে না। ওদের অস্তিত্বের উপর কুঠারাঘাত। আমরা যা যা বলেছি তা শারদ্বত বাবু মান্যতা দিলেন।’’ সেদিন তাঁর আরও কটাক্ষ ছিল, ‘‘শারদ্বতবাবুর মন্তব্যে উইশলিস্ট পূর্ণ। সিপিএমকে ওনারা সুযোগ দিচ্ছেন সেটাও বললেন। সাহস থাকলে থানায় এফআইআর করুক। তবে শারদ্বত বাবুকে সন্দেশ খাওয়াব।’’
বৃহস্পতিবারও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই প্রসঙ্গে তোপ দাগেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, ওই শিবির যে দয়ায় চলছে, সেই স্বীকারোক্তি শারদ্বতবাবু ভুল করে বা অসতর্কভাবে দেননি; বরং তিনি ও তাঁরা তা জানেন ও বিশ্বাস করেন, এবং কৌশলগতভাবে ঠান্ডা মাথায় জেনেশুনেই কথাটি বলেছেন।
স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের ভিডিও নিয়ে প্রকাশ্যে জল্পনা ছড়িয়ে পড়ার পর বুধবার প্রতিক্রিয়া দিয়েছিল ঋতব্রত শিবিরও। ওই শিবিরের নেতা আখরুজ্জামানের দাবি ছিল, এটি শারদ্বত মুখোপাধ্যায়ের ব্যক্তিগত মত এবং তাঁদের দলে নিয়ন্ত্রণের ঘাটতি রয়েছে। তাঁর কথায়, তাঁরা দল আলাদা করতে চাননি, বাধ্য হয়েই বেরিয়ে আসতে হয়েছে এবং আলোচনা না হওয়ায় রেজোলিউশন করে নতুন দল গঠন করা হয়েছে। সব মিলিয়ে, স্বাস্থ্যমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা এখন তুঙ্গে।