৫ টাকার খৈনির প্যাকেটে ১৮ দিনের জেল! ১৮ লক্ষ টাকা জরিমানা দিয়ে ফিরলেন যুবক

পাঁচ টাকার একটি খৈনির প্যাকেটের জন্য যে ১৮ দিন জেল খাটতে হতে পারে এবং ১৮ লক্ষ টাকার মতো বিপুল অঙ্কের জরিমানা গুনতে হতে পারে, তা হয়তো কল্পনাও করেননি উত্তরপ্রদেশের সৌরভ রায়। সৌদি আরবে কাজের সূত্রে যাওয়ার পথে বাহরিন বিমানবন্দরে নেমেই বড়সড় বিপাকে পড়েন তিনি। ব্যাগে থাকা একটি ছোট খৈনির প্যাকেট নজরে আসতেই আটক করা হয় তাঁকে। দীর্ঘ আইনি ও প্রশাসনিক টানাপোড়েনের পর জেল ও জরিমানা মিটিয়ে দেশে ফেরেন এই যুবক।

উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা সৌরভ পেশায় গাড়িচালক এবং কর্মসূত্রে সৌদি আরবেই থাকেন। সম্প্রতি মুম্বই থেকে পর্যটক ভিসায় বাহরিনে পৌঁছন তিনি। বিমানবন্দরে তল্লাশির সময় তাঁর ব্যাগ থেকে পাঁচ টাকা দামের একটি খৈনির প্যাকেট উদ্ধার হয়। এরপরই বাহরিনের পুলিশ তাঁকে আটক করে এবং তাঁর মোবাইল ফোন ও ব্যাগ বাজেয়াপ্ত করে। পরবর্তীতে পুরো ঘটনার তদন্তভার দেওয়া হয় বাহরিনের সিআইডির হাতে।

তদন্তকারীদের সামনে সৌরভ বারবার জানান যে, খৈনিটি তাঁর নিজের ব্যবহারের জন্যই ছিল এবং বিক্রি বা পাচারের কোনও উদ্দেশ্য তাঁর ছিল না। কিন্তু প্রথমদিকে সেই বক্তব্যে গুরুত্ব দেননি তদন্তকারীরা। সৌরভের দাবি, প্রায় তিন সপ্তাহ তাঁকে একটি শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে আটকে রাখা হয়, যেখানে কম্বল বা শীতের পোশাক পর্যন্ত ছিল না। এদিকে তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে দুশ্চিন্তায় পড়ে যান পরিবারের সদস্যরা।

পরিস্থিতি বুঝে সৌরভের খোঁজে স্থানীয় প্রশাসনের শরণাপন্ন হন তাঁর পরিজনেরা। আজমগড়ের জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে বিষয়টি জানানো হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হয়। সেই সূত্র ধরেই সৌরভের বাহরিনে আটক থাকার বিষয়টি স্পষ্ট হয়, যদিও তাতেও দ্রুত মুক্তি মেলেনি।

শেষ পর্যন্ত ১৮ দিন কারাবাসে থাকার পর ৭,২০০ বাহরিনি দিনার জরিমানা দিতে হয় সৌরভকে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৮ লক্ষ টাকা। সেই অর্থ জমা দেওয়ার পর জেল থেকে ছাড়া পান তিনি এবং সৌদি আরব হয়ে দেশে ফেরেন। সামান্য পাঁচ টাকার একটি খৈনি যে এমন চরম ভোগান্তি ডেকে আনতে পারে, তা নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়েছে। একইসঙ্গে বিদেশে পা রাখার আগে সংশ্লিষ্ট দেশের নিষিদ্ধ সামগ্রী ও কড়াকড়ি আইন সম্পর্কে সতর্ক থাকার প্রয়োজনীয়তা ফের সামনে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *