সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক তথ্য দিল কেন্দ্র

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট নোটিস বা লুকআউট সার্কুলার (এলওসি) জারি হয়েছে বলে বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে জানাল কেন্দ্র সরকার। পাসপোর্টে একাধিক তথ্যের অসঙ্গতির অভিযোগ সামনে আসার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আদালতে জানানো হয়েছে। উল্লেখ্য, ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে যাওয়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল সৌরভকে। সেই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছিলেন তিনি ও তাঁর দল।
বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে শুনানির সময় কেন্দ্রের পক্ষে সওয়াল করেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল চেতন শর্মা। বিচারপতি অমিত মহাজনের বেঞ্চে তিনি জানান, গত ২৩ নভেম্বর সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করে মুম্বই পুলিশ। যুক্তরাজ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল সৌরভের। বিমানবন্দর থেকে তাঁকে বিদেশযাত্রায় বাধা দেওয়া হলে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। মামলার পরবর্তী শুনানি আগামী ৯ ডিসেম্বর ধার্য করা হয়েছে।
শুনানিতে কেন্দ্রের তরফে দাবি করা হয়, সৌরভের পাসপোর্টে একাধিক অসঙ্গতি রয়েছে, যা তাঁর নাগরিকত্বের প্রশ্নেও প্রভাব ফেলতে পারে। বিভিন্ন নথিতে জন্মস্থান ও ঠিকানা সংক্রান্ত তথ্যের গরমিল এবং তথ্য গোপনের অভিযোগ খতিয়ে দেখার কথা জানানো হয়। তবে আদালতে স্পষ্ট করা হয়েছে যে, আপাতত তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা বা ভ্রমণ নির্দেশিকা জারি হলেও তাঁর পাসপোর্ট বাতিল বা স্থগিত করা হয়নি। কেন্দ্রের বক্তব্য অনুযায়ী, ২৩ নভেম্বর তাঁকে শোকজ নোটিস দিয়ে সাত দিনের মধ্যে জবাব চাওয়া হয়।
অন্যদিকে, আদালতে সৌরভের আইনজীবী সওয়াল করেন যে, বিমানবন্দরে আটকে দেওয়ার সময় বা তার আগে তাঁর মক্কেলকে কোনও লুকআউট নোটিসের বিষয়ে জানানো হয়নি কিংবা কোনও নির্দেশিকা দেখানো হয়নি।
এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহল ও সোশ্যাল মিডিয়ায় জোর বিতর্ক তৈরি হয়েছে। ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে দাবি করেছেন, সোশ্যাল মিডিয়ায় সৌরভের পাসপোর্টের প্রতিলিপি ছড়িয়ে দেওয়া হচ্ছে। কীভাবে সরকারি নথি বাইরে আসে, তা নিয়ে প্রশ্ন তুলে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেছেন। যদিও কেন্দ্রের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর রিপোর্টের ভিত্তিতে নির্ধারিত বিধি মেনেই শোকজ ও ভ্রমণ সংক্রান্ত পদক্ষেপ করা হয়েছে।