সুরুলিয়া মিনি জু-তে আসছে জোড়া চিতা! ১৮ জানুয়ারি থেকে দর্শকদের জন্য বিশেষ চমক

শীতের আমেজ শুরু হতেই পিকনিক ও ভ্রমণের প্রস্তুতি চলছে জোরকদমে। এর মাঝেই ভ্রমণপিপাসুদের জন্য এল নতুন সুখবর। শীতকালে চিড়িয়াখানা ঘুরতে ভালোবাসেন অনেকেই, বিশেষত ছোটদের বাঘ-সিংহ দেখানোর আগ্রহ থাকে চোখে পড়ার মতো। সেই আনন্দ আরও বাড়িয়ে দিতে পুরুলিয়ার সুরুলিয়া মিনি জু-তে জোড়া চিতা আনার কথা জানালেন রাজ্যের বন মন্ত্রী মনোজ ওঁরাও। পাশাপাশি মিনি জু-এর আয়তন বাড়িয়ে পূর্ণাঙ্গ চিড়িয়াখানা এবং লায়ন সাফারি গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
বুধবার জেলা সফরে গিয়ে জঙ্গলমহলের প্রস্তাবিত অভয়ারণ্য পরিদর্শনের পাশাপাশি পুরুলিয়া শহরের উপকণ্ঠে অবস্থিত সুরুলিয়া মিনি জু ঘুরে দেখেন বন মন্ত্রী। পরিদর্শনের সময় সেখানকার পরিকাঠামোর খোঁজখবর নেন তিনি। সেই সফরেই মন্ত্রী জানান যে আগামী বছরের শুরুতে ১৮ জানুয়ারি লক্ষ ও ডালিয়া নামে দুটি চিতা পর্যটকদের জন্য ছাড়া হবে।
পুরুলিয়া জেলায় প্রতি বছর বহু পর্যটকের সমাগম ঘটে। বন মন্ত্রীর মতে, এই মিনি জুকে পূর্ণাঙ্গ চিড়িয়াখানার রূপ দিলে পর্যটকদের আকর্ষণ আরও বাড়বে। ১৯৯৮ সালে ৬.৯ হেক্টর জমির ওপর গড়ে উঠেছিল এই মিনি জু। ভবিষ্যতে সেটিকে ১০ গুণ বাড়িয়ে পূর্ণাঙ্গ চিড়িয়াখানায় রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে এবং সেখানে ওয়াচ টাওয়ারও তৈরি করা হবে।
বিপুল সংখ্যক পর্যটকের কথা মাথায় রেখে পূর্ণাঙ্গ চিড়িয়াখানার পাশাপাশি লায়ন সাফারি চালুর জন্যও প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছেন মন্ত্রী। বুধবারের এই জু পরিদর্শনে বন মন্ত্রীর সঙ্গে দফতরের রাষ্ট্রমন্ত্রী দিবাকর ঘরামি এবং বন দফতরের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।