৭৫ বছর বয়সে নতুন জীবন! বৃদ্ধাশ্রমে পরিচয়, সাত পাকে বাঁধা পড়লেন যুগল

দীর্ঘদিনের একাকীত্ব কাটিয়ে বৃদ্ধাশ্রমেই নতুন অধ্যায়ের সূচনা করলেন এক প্রবীণ যুগল। ৭৫ বছর বয়সি কানহাইয়া লাল এবং ৬৩ বছর বয়সি সাবিনা হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার একটি বৃদ্ধাশ্রমে হিন্দু রীতি অনুযায়ী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। আশ্রমের বাসিন্দা, কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠান, মালাবদল এবং সাত পাকের মাধ্যমে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।

এই বিশেষ অনুষ্ঠানে বরযাত্রী দলের সদস্য হিসেবে যোগ দেন বিলাসপুরের ডেপুটি কমিশনার কিরণ ভাদানা। তিনি নবদম্পতিকে শুভেচ্ছা জানান এবং উপহার তুলে দেন। সংস্থার তরফে জানানো হয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যায় হলদি অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়, যেখানে দুজনেই হলুদ পোশাক পরেন এবং হিমাচলি গানে মেতে ওঠেন আশ্রমের সকলে।

অনুষ্ঠানে ডেপুটি কমিশনার কিরণ ভাদানা বলেন, এই বিয়ে সমাজে ইতিবাচক বার্তা দিয়েছে। বয়স নির্বিশেষে প্রত্যেকেরই পরিপূর্ণ জীবন যাপনের অধিকার রয়েছে এবং বয়স বাড়ার অর্থ জীবন উপভোগ করা বা সঙ্গী খোঁজা বন্ধ করে দেওয়া নয় বলে মন্তব্য করেন তিনি।

আপনা ঘরের প্রতিষ্ঠাতা ও আইনজীবী প্রকাশ চাঁদ বনসাল জানান, ২০২২ সালে একটি গুহা থেকে কানহাইয়া লালকে উদ্ধার করা হয়। স্ত্রী মারা যাওয়ার পর সম্পত্তি ভাইদের নামে লিখে দিয়েছিলেন তিনি, পরে বাড়িছাড়া হয়ে গুহায় আশ্রয় নিতে বাধ্য হন। মান্ডি জেলার থুনগ এলাকার বাসিন্দা কানহাইয়া লালকে উদ্ধারের পর থেকেই ওই আশ্রমে রাখা হয়েছিল। অন্যদিকে কলকাতার বাসিন্দা সাবিনা পথ হারিয়ে হিমাচলে পৌঁছান, শিমলা ঘুরে ২০২৫ সালে বিলাসপুরের আশ্রমে আসেন।

একসঙ্গে থাকতে থাকতেই দুজনের মধ্যে বন্ধুত্ব গভীর হয় এবং বাকি জীবন একসাথে কাটানোর সিদ্ধান্ত নেন তাঁরা। বিয়ের পর কানহাইয়া লাল ও সাবিনা সোলান জেলার নালাগড়ের একটি নতুন বৃদ্ধাশ্রমে চলে যাবেন। বিবাহ অনুষ্ঠানে জেলা সমাজকল্যাণ কর্মকর্তা রমেশ বনসাল, প্রকাশ চাঁদ বনসাল এবং অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন; দায়োলি কেন্দ্রে ২৫ জন প্রবীণের থাকার ব্যবস্থা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *