সংবিধান দিবসে বড় বার্তা মোদীর, ‘বিরোধ পক্ষ’ থেকে ‘অবরোধ পক্ষ’-এ বদলের খোঁচা!

ভারতের সংবিধান দিবসে সংবিধানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের নিবন্ধের মূল বিষয়গুলি তুলে ধরে তিনি সংবিধান ও গণপরিষদের স্বাতন্ত্র্যের কথা উল্লেখ করেছেন। পাশাপাশি তাঁর জীবনযাত্রায় সংবিধান কীভাবে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এবং এনডিএ সরকার কীভাবে সংবিধানকে শক্তিশালী করেছে, তাও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।
নিজের বার্তায় মোদী সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার জোরদার করার প্রচেষ্টার কথাও উল্লেখ করেছেন। তাঁর অভিযোগ, যাঁরা পাঁচ দশক ধরে দেশ শাসন করেছেন, তাঁদের দ্বারা কীভাবে সংবিধান পদদলিত হয়েছে, তা তিনি নিবন্ধে তুলে ধরেছেন। পাশাপাশি একটি দল কীভাবে বিরোধ পক্ষ থেকে অবরোধ পক্ষে পরিণত হয়েছে, সেই প্রসঙ্গও সামনে এনেছেন তিনি।
প্রধানমন্ত্রীর মতে, ভারতের মতো বৈচিত্র্যময় দেশে—যেখানে অসংখ্য বিশ্বাস, ভাষা, প্রথা ও চিন্তাধারা রয়েছে—সংসদ ও আদালতের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের মনে সংবিধানের প্রভাব পৌঁছানো অত্যন্ত জরুরি। তিনি জানিয়েছেন, সাধারণ মানুষের বিশেষ করে যুবসমাজের সামষ্টিক চেতনার সঙ্গে সংবিধানের যোগ আরও গভীর করা এবং ভারতের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় ঐক্যের চেতনাকে মজবুত করাই ছিল তাঁদের লক্ষ্য। সে কারণেই এক দশকেরও বেশি সময় আগে ২৬ নভেম্বরকে সংবিধান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানান মোদী।
নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর মতো কোটি কোটি ভারতীয়র কাছে ভারতের সংবিধান জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ। শৈশবের দিন, সাধারণ পরিস্থিতিতে বেড়ে ওঠা এবং দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠা সংগ্রামগুলোর কথা মনে পড়লে সংবিধানের প্রতি অগাধ কৃতজ্ঞতায় মন ভরে ওঠে বলে উল্লেখ করেছেন তিনি।