‘মৃত’ ও ‘ঋত’ তৃণমূলের পর এবার ‘ধৃত তৃণমূল’! স্বাস্থ্যমন্ত্রীকে পাল্টা তোপ মদন মিত্রের

তৃণমূলের ভাঙন ও অস্তিত্ব নিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। মঙ্গলবার বিধাননগরে দলীয় কর্মীদের একটি সভায় তিনি দাবি করেন যে, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীটি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশীর্বাদেই টিকে রয়েছে।

সিপিএম নেতা শতরূপ ঘোষ সেই বক্তৃতার ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করতেই শাসক ও বিরোধী শিবিরের মধ্যে চাপানউতোর শুরু হয়। এবার সেই বিতর্কে যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র।

বিধাননগরের বৈঠকে কী বলেছিলেন শারদ্বত? বিধাননগরের বৈঠকে শারদ্বত মুখোপাধ্যায় বলেন, “একটা মৃত তৃণমূল, একটা ঋত তৃণমূল। মৃত তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের, প্রায় শেষ হয়ে গিয়েছে। আর ঋতব্রত তৃণমূলের মাথার উপর মাননীয় মুখ্যমন্ত্রীর হাত আছে বলে চলছে। যেদিন হাত সরিয়ে নেবে সেদিন শেষ হয়ে যাবে।”

মুখ্যমন্ত্রীর পুরনো একটি মন্তব্যের রেশ টেনে তিনি আরও দাবি করেন, “মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন, আমরা যদি চাই ২৮০ জন বিধায়কই আমাদের জন্য ভোট দেবে। মিথ্যে কথা কিছু বলেননি। মৃত তৃণমূলের কেউ নেই, আর ঋত তৃণমূলের সকলে আমাদের দয়া দাক্ষিণ্যে রয়েছে।” পাশাপাশি বিজেপির আসল লড়াই মুষ্টিমেয় বামপন্থীদের বিরুদ্ধেই বলেও মন্তব্য করেন তিনি।

পাল্টা কটাক্ষ ও হাসপাতাল প্রসঙ্গ মদন মিত্রের রাজ্য বিধানসভার প্রেস কর্নারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্যমন্ত্রীর এই বক্তব্যের তীব্র সমালোচনা করেন মদন মিত্র। কটাক্ষের সুরে তিনি বলেন, “মৃত তৃণমূল আর ঋত তৃণমূল বলেছেন। কিন্তু উনি এটা বলতে ভুলে গিয়েছেন—ধৃত তৃণমূলটা বাকি আছে।” শারদ্বত মুখোপাধ্যায়কে নিজের দফতরের দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়ে কামারহাটির বিধায়ক বলেন, “ভীষণ রেফারেল বেড়ে গেছে। প্রত্যেকটা হাসপাতালে গেলেই রেফার, রেফার, রেফার। পিজি-টিজি তো ছেড়েই দিন। প্রতি মুহূর্তে দালালির খবর আসছে। আপনি এগুলো একটু দেখুন।”

স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে খোদ মুখ্যমন্ত্রীকেই অস্বস্তিতে ফেলা হয়েছে বলে দাবি করেন মদন। তাঁর কথায়, “আপনি আমাদের নিয়ে গালাগাল দিন, আমার কোনও আপত্তি নেই। ঋতব্রতকে যত পারেন বলুন, বিরোধীদের বলুন। কিন্তু তার সঙ্গে যদি নিজের মুখ্যমন্ত্রীকে আপনি টেনে নেন, তাহলে থুতুটা কিন্তু আপনার গায়ে পড়ে যায়।” তিনি প্রশ্ন তোলেন, “আপনি যে দল করেন, যার স্বাস্থ্যমন্ত্রী, তার মুখ্যমন্ত্রী তৃণমূলকে বাঁচিয়ে রাখেন, এই কথাটা কিরকম স্ববিরোধী হয়ে যাচ্ছে না?”

রাজধর্ম, তোলাবাজি ও ভবিষ্যৎ সমীকরণ বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাংবিধানিক অবস্থানের কথাও মনে করিয়ে দেন মদন। তিনি জানান, বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর অনুমতি নিয়েই তিনি বিধানসভায় উপস্থিত থাকেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূমিকার প্রশংসা করে মদন বলেন, “মে মাস থেকে গণতন্ত্রের পরিসরে বিরোধী পক্ষ যেন থাকে তার জন্য রাজধর্ম পালন করার চেষ্টা করছেন শুভেন্দু। তার জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাব।” প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের একটি ঐতিহাসিক ঘটনার উদাহরণ টেনে তিনি বোঝান যে, রাজধর্ম পালন করাই একজন প্রকৃত মুখ্যমন্ত্রীর দায়িত্ব।

রাজ্যে ক্রমবর্ধমান তোলাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারকে বিঁধেছেন মদন। তাঁর অভিযোগ, “যত তোলাবাজির নাম আসছে, তার ৯০ শতাংশ বিজেপি। সাগর থেকে পাহাড়, বালি থেকে নদী কিছুই আপনারা বাদ দিচ্ছেন না।” তবে এখনই বড় আন্দোলনের পথে না গিয়ে পরিস্থিতির দিকে নজর রাখছেন বলে জানান তিনি; তাঁর মতে, বামপন্থীদের ৩৪ বছর আর তৃণমূলের পনেরো বছরের শাসনের পর নতুন সরকারকে কিছুটা সময় দেওয়া প্রয়োজন।

বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মদন বলেন, “সূর্যের আলোকে ভুল করে টিউবলাইট ভাবতে যাবেন না। কখন যে সূর্যের আলো টিউবলাইট ছেড়ে নিজের আকার নেবে, আপনারা ভাবতেও পারছেন না।” খুব শীঘ্রই রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলাবে বলে দাবি করে তিনি জানান, “বাংলার মাটিতে একটাই নাম থাকবে—অরিজিনাল তৃণমূল কংগ্রেস। যার নেতৃত্ব দেবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও আখরুজ্জামানের মতো নেতারাই।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *