১ জানুয়ারি থেকে সিকিমে বাড়তি প্রবেশমূল্য! কোন কোন এলাকায় কত টাকা দিতে হবে?

চারিদিকে পাহাড়ে ঘেরা এবং সাদা বরফে মোড়া পথঘাট—নতুন বছরে সিকিমের এই মনোরম পরিবেশ উপভোগ করতে চাইলে এবার পর্যটকদের বাড়তি টাকা গুনতে হবে। সংবেদনশীল ও সংরক্ষিত বনাঞ্চল এলাকায় পর্যটকদের ভিড় এবং যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে সিকিমের প্রেমসিং তামাং সরকার। আগামী ১ জানুয়ারি থেকে সিকিমের বেশ কিছু জনপ্রিয় দর্শনীয় স্থান ও সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশের ক্ষেত্রে পর্যটকবাহী যানবাহনের ওপর প্রবেশমূল্য চালু হতে চলেছে। সিকিমের স্বরাষ্ট্র দফতরের জারি করা নির্দেশিকায় এই তথ্য জানানো হয়েছে।

প্রতি বছর দেশ-বিদেশের বহু পর্যটক হিমালয়ের কোলে অবস্থিত এই পাহাড়ি রাজ্যে ঘুরতে যান। সিকিমের অর্থনীতির একটি বড় অংশ পর্যটনের ওপর নির্ভরশীল হলেও প্রশাসনের এই নতুন সিদ্ধান্তে পর্যটনমহলে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। এর সরাসরি আর্থিক চাপ সাধারণ পর্যটকদের ওপর পড়বে বলে আশঙ্কা করছেন পর্যটন ব্যবসায়ীরা।

কোন কোন এলাকায় নতুন নিয়ম প্রযোজ্য? সিকিম পাবলিক সিকিউরিটি রুলস ১৯৬২ এবং সিকিম ফরেস্ট রুলস ২০০৭-এর অধীনে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, গ্যাংটক, পাকিয়ং এবং মঙ্গন জেলার অন্তর্গত নির্ধারিত সংরক্ষিত বনাঞ্চলগুলিতে প্রবেশমূল্য কার্যকর হবে। গ্যাংটক ও পাকিয়ং টেরিটোরিয়াল ডিভিশনের অধীনে রয়েছে নাথু লা, ছাঙ্গু (সোমগো), বাবা মন্দির, জুলুক এবং লিংতাম অঞ্চল। অন্যদিকে মঙ্গন টেরিটোরিয়াল ডিভিশনের ক্ষেত্রে উত্তর সিকিমের সাঙ্কালান-টুং এবং ফেদাং চেকপোস্টের পরবর্তী অঞ্চলগুলিতে এই নিয়ম প্রযোজ্য হবে। স্বরাষ্ট্র দফতরকে নোডাল বিভাগ হিসেবে দায়িত্ব দিয়ে পর্যটন ও অসামরিক বিমান পরিবহণ দফতরের সমন্বয়ে এই পারমিট ও ফি ব্যবস্থা পরিচালিত হবে।

যানবাহনের শ্রেণি ও আসনসংখ্যা অনুযায়ী প্রবেশমূল্য গাড়ির ইঞ্জিন ক্ষমতা, আসনসংখ্যা এবং অঞ্চল ভেদে নির্ধারিত প্রবেশমূল্যের তালিকা নিচে দেওয়া হলো:

  • চার চাকার গাড়ি ও পর্যটক ট্র্যাভেলার: ১০০০ সিসি-র বেশি ক্ষমতাসম্পন্ন ৫ আসনের (‘টি’ সিরিজ) গাড়ির ফি গ্যাংটক ও পাকিয়ং ডিভিশনে ১,৫০০ টাকা এবং মঙ্গন ডিভিশনে ১,২০০ টাকা। ৬–১০ আসনের (‘জে–জেড’ সিরিজ) চার চাকার গাড়ির ফি গ্যাংটক ও পাকিয়ং ডিভিশনে ২,৫০০ টাকা এবং মঙ্গন ডিভিশনে ১,৫০০ টাকা। ১১–১৫ আসনের ফোর্স বা টেম্পো ট্র্যাভেলারের ক্ষেত্রে ফি যথাক্রমে ৪,৫০০ টাকা ও ২,৫০০ টাকা।

  • পর্যটক বাস (আসনসংখ্যা অনুযায়ী): ১৬–২০ আসনের বাসে ৬,৫০০ টাকা (গ্যাংটক/পাকিয়ং) ও ৩,৫০০ টাকা (মঙ্গন); ২১–৩০ আসনে ৭,৫০০ টাকা ও ৫,৫০০ টাকা; এবং ৩০ বা তার বেশি আসনের বাসে সর্বোচ্চ ১০,০০০ টাকা (গ্যাংটক/পাকিয়ং) ও ৭,৫০০ টাকা (মঙ্গন)।

  • মোটরসাইকেল ও সহযাত্রী: ব্যক্তিগত বাইকের প্রবেশ ফি উভয় ডিভিশনেই ৭৫০ টাকা এবং সহযাত্রীর ফি ৩৫০ টাকা। স্থানীয় সিকিম-রেজিস্টার্ড ট্যাক্সি বাইকের প্রবেশ ফি উভয় ডিভিশনেই ৩৫০ টাকা এবং সহযাত্রীর ফি ২৫০ টাকা।

স্থানীয় বাসিন্দা ও হোমস্টে পর্যটনে বিশেষ ছাড় বৈধ সার্টিফিকেট অব আইডেন্টিফিকেশন (COI), রেসিডেন্সিয়াল সার্টিফিকেট (RC), সিকিম সাবজেক্ট অথবা ভোটার পরিচয়পত্র থাকা যোগ্য স্থানীয় বাসিন্দাদের জন্য উভয় ডিভিশনেই প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে রাখা হয়েছে। পাশাপাশি কর্তব্যরত সরকারি কর্মী এবং সেনাবাহিনী ও তাঁদের অতিথিদের ক্ষেত্রেও কোনও প্রবেশমূল্য দিতে হবে না।

হোমস্টে ও গেস্ট হাউস পর্যটনেও ছাড়ের কথা বলা হয়েছে। সাঙ্কালান ও ফেদাং রুট দিয়ে উত্তর সিকিমের জোঙ্গু এলাকায় হোমস্টেতে থাকা বা দর্শনীয় স্থান ভ্রমণের উদ্দেশ্যে যাওয়া পর্যটকদের অনলাইন পারমিট নিতে হলেও কোনও পারমিট ফি বা সার্ভিস চার্জ নেওয়া হবে না। একইভাবে ওই রুট দিয়ে সাধারণ গেস্ট হাউস, কনসেশনেয়ার পরিচালিত সরকারি গেস্ট হাউস এবং অনুমোদিত সরকারি সফরের ক্ষেত্রেও পারমিট ফি ও সার্ভিস চার্জ মকুব থাকবে।

ব্যক্তিগত যানবাহন ও যাতায়াতের কড়াকড়ি ১৫০ সিসি-র বেশি ক্ষমতাসম্পন্ন ব্যক্তিগত মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্টার্ড মালিকের নামে পারমিট নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ১০০০ সিসি-র বেশি ক্ষমতাসম্পন্ন ব্যক্তিগত গাড়ি ও বাইক থার্ড মাইল লিংতাম, ডগর গেট, টুং সাঙ্কালান ও ফেদাং চেকপোস্ট দিয়ে বৈধ পারমিট ও নির্ধারিত ফি সাপেক্ষে প্রবেশ করতে পারবে। তবে সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্যে পারস্পরিক পরিবহণ চুক্তি অনুযায়ী বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি চলাচলের ব্যবস্থা আগের মতোই বহাল থাকবে এবং এর বাইরে বাড়তি মাশুল নেওয়া যাবে না।

নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে, গ্রাম পঞ্চায়েত বা অন্য কোনও সংস্থা সংরক্ষিত এলাকায় নিজস্ব অতিরিক্ত ফি আদায় করতে পারবে না। নির্ধারিত প্রবেশমূল্যের মধ্যেই অপারেশন, ম্যানেজমেন্ট ও ট্রানজ্যাকশন চার্জ অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া বনাঞ্চল বা বন্যপ্রাণী সংক্রান্ত কোনও অপরাধে যুক্ত থাকলে পর্যটক, ট্যুর অপারেটর বা চালকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কেন এই সিদ্ধান্ত ও কী বলছেন ব্যবসায়ীরা? সিকিম প্রশাসনের দাবি, পরিবেশ রক্ষা এবং সংবেদনশীল এলাকায় যানবাহনের চাপ কমাতেই এই পদক্ষেপ। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক তন্ময় গোস্বামী মনে করেন, এর ফলে সংরক্ষিত বনাঞ্চলে অতিরিক্ত মানুষের ভিড় কমবে। তবে এক ধাক্কায় প্রবেশমূল্য ও যাতায়াতের খরচ বেড়ে যাওয়ায় দেশ-বিদেশের পর্যটকদের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে; বিশেষত বাজেট ভ্রমণকারী বা সপরিবার ঘুরতে আসা সাধারণ মানুষের কাছে খরচ নাগালের বাইরে চলে যেতে পারে।

সিআইআই (CII)-এর পর্যটন প্যানেলের চেয়ারম্যান সম্রাট সান্যাল উদ্বেগ প্রকাশ করে বলেন, বিজ্ঞপ্তিতে উল্লেখিত অঞ্চলগুলিতে পশ্চিমবঙ্গের গাড়ি না চললেও সিকিমের গাড়িগুলি এই বাড়তি ফি পর্যটকদের থেকেই আদায় করবে। বর্তমানে বহু পর্যটক সিকিম-দার্জিলিং সার্কিট ধরে ঘুরতে আসেন; খরচ বেড়ে গেলে পুরো সার্কিটেই প্রভাব পড়তে পারে এবং পর্যটকরা সিকিম ভ্রমণে অনীহা দেখাতে পারেন বলে আশঙ্কা তাঁর। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে সিকিম সরকারকে চিঠি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

একই সুর শোনা গেছে ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশিস মৈত্রর কণ্ঠেও। তাঁর মতে, অতিরিক্ত ফি চাপিয়ে দেওয়ায় পর্যটকদের বাজেট বাড়বে এবং সিকিম পর্যটন দফতরের বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। ব্যবসায়ীদের আশঙ্কা, বিকল্প হিসেবে পর্যটকরা দার্জিলিং, কালিম্পং বা ডুয়ার্সের দিকে ঝুঁকলে সিকিমের হোটেল, গাড়ি চালক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন।

এদিকে বাড়তি ফি নিয়ে চিন্তিত পর্যটকরাও। হলদিবাড়ির পর্যটক মুন্না হাজরা বলেন, “এতে আমাদের মতো মধ্যবিত্তের পর্যটকদের উপর বাড়তি চাপ পড়বে। আগে যে টাকায় হয়ে যেত, সেটা আর হবে না।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *