ইউরোপীয় রীতি ছেড়ে দেশীয় ঐতিহ্যে জোর! রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে কী নির্দেশিকা দিল উচ্চশিক্ষা দফতর?

বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন (University Convocation) অনুষ্ঠানে আর ইউরোপীয় ধাঁচের গাউন ও মর্টার বোর্ড নয়, বরং ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক চালুর পথে হাঁটছে পশ্চিমবঙ্গ সরকার। সমাবর্তনের মতো বিশেষ অনুষ্ঠানে হ্যান্ডলুমের কাপড়ে তৈরি ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক ব্যবহারের জন্য রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিকে পরামর্শ দিয়েছে উচ্চশিক্ষা দফতর। এই নির্দেশিকা কার্যকর হলে ডিগ্রিপ্রাপকদের পোশাকের অন্যতম অংশ হতে পারে উত্তরীয়।
মঙ্গলবার উচ্চশিক্ষা দফতরের সিনিয়র স্পেশাল সেক্রেটারির তরফে এই পরামর্শ জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি (UGC)-র ২০২৪ সালের ১৬ জানুয়ারির একটি নির্দেশিকার উল্লেখ করে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে এই পরামর্শ দেওয়া হয়েছে।
সমাবর্তনে হ্যান্ডলুমের পোশাকের উপর জোর উচ্চশিক্ষা দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, সমাবর্তনের মতো আনুষ্ঠানিক অনুষ্ঠানে ভারতীয় হ্যান্ডলুমের কাপড়ে তৈরি ঐতিহ্যবাহী পোশাক চালু করা উচিত। ইউজিসি-র বক্তব্য অনুযায়ী, ভারতের আবহাওয়ার সঙ্গে এই ধরনের পোশাক বেশি মানানসই ও আরামদায়ক। পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি গর্ববোধ তৈরি করার পাশাপাশি গ্রামীণ হস্ততাঁত শিল্প এবং তাঁতিদের জীবিকাকেও সহায়তা করবে এই উদ্যোগ।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, স্নাতক (UG), স্নাতকোত্তর (PG) এবং PhD ডিগ্রিপ্রাপকদের জন্য আলাদা নকশার উত্তরীয় চালু করার বিষয়টি বিবেচনা করতে পারে বিশ্ববিদ্যালয়গুলি। পোশাকের নকশা নির্ধারণের সময় ভারতীয় ঐতিহ্য, আবহাওয়া এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় মাথায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
কেন এই পরিবর্তনের উদ্যোগ? সম্প্রতি রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় সমাবর্তনের পোশাক পরিবর্তনের পক্ষে মত প্রকাশ করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, সমাবর্তনে ব্যবহৃত গাউন ও মর্টার বোর্ডের পরিবর্তে ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক চালু করা প্রয়োজন। এরপর রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে মতামত সংগ্রহ করে উচ্চশিক্ষা দফতর এই নির্দেশিকা জারি করে।
মন্ত্রী জানিয়েছেন, ২০১৫ সাল থেকে ইউজিসি একাধিকবার এই বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে এবং ইতিমধ্যেই দেশের ৯০ থেকে ৯২টি কেন্দ্রীয় প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক চালু করেছে। জগন্নাথ চট্টোপাধ্যায়ের কথায়, ইউরোপীয় রীতি অনুসরণ করার প্রয়োজনীয়তা কোথায়, তা নিয়ে প্রশ্ন রয়েছে; বিশ্বভারতীও সমাবর্তনে এই ইউরোপীয় পোশাকের রীতি অনুসরণ করে না বলে উল্লেখ করেছেন তিনি। ইউজিসি-র নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে হুড ও গাউন বাদ দিয়ে ঐতিহ্যবাহী পোশাক চালুর অনুরোধ জানানো হয়েছে।
কোন বিশ্ববিদ্যালয়ে এখন কী পোশাক? পশ্চিমবঙ্গের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই সমাবর্তনে ভারতীয় পোশাকের ব্যবহার রয়েছে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের সময় ঐতিহ্যবাহী পোশাক পরার রীতি চালু রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানের একাডেমিক শোভাযাত্রায় অংশ নেওয়া বিশিষ্ট ব্যক্তিদের জন্য আলাদা রঙের গাউন ব্যবহার করা হয়; তবে পড়ুয়ারা ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের লোগোযুক্ত উত্তরীয় পরেন।
অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের পোশাকের ক্ষেত্রে ছাত্রীদের জন্য সাদা শাড়ির সঙ্গে গেরুয়া বা কমলা পাড়, অথবা সাদা সালোয়ার-কামিজের ব্যবস্থা রয়েছে। ছাত্রদের ক্ষেত্রে সাদা ট্রাউজার্স ও সাদা ফুলহাতা শার্ট অথবা সাদা ধুতি-পাঞ্জাবি পরার নিয়ম রয়েছে এবং এর উপর পরতে হয় গেরুয়া রঙের পোশাক।
বিশ্ববিদ্যালয়গুলিই ঠিক করবে পোশাকের নকশা উচ্চশিক্ষা দফতরের পরামর্শ অনুযায়ী, স্নাতক, স্নাতকোত্তর ও PhD ডিগ্রিপ্রাপকদের জন্য উত্তরীয়র নকশা আলাদা হতে পারে। অর্থাৎ, সব বিশ্ববিদ্যালয়ে একই ধরনের পোশাক বাধ্যতামূলক করার পরিবর্তে প্রতিষ্ঠানগুলি নিজেদের মতো করে নকশা নির্ধারণ করতে পারবে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান পোশাকবিধি নিয়ে আলোচনার জন্য বিষয়টি চার ডিনের কমিটির সামনে তোলা হবে। ফলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে সমাবর্তনের পোশাকে কী ধরনের পরিবর্তন আসে, এখন সেদিকেই নজর শিক্ষামহলের।