কানে ব্লুটুথ হেডফোন, পাশে মোবাইল! রাজারহাটে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারে ঘনাচ্ছে রহস্য

রাজারহাটে এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ঘনীভূত হচ্ছে রহস্য। মৃতদেহ উদ্ধারের সময় ওই ছাত্রের কানে ব্লুটুথ হেডফোন লাগানো ছিল এবং পাশে পড়ে ছিল মোবাইল ফোন। কারও সঙ্গে কথা বলতে বলতে ওই ছাত্র আত্মহত্যা করেছেন, নাকি মৃত্যুর নেপথ্যে রয়েছে অন্য কোনও রহস্য—তা খতিয়ে দেখছে রাজারহাট থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজারহাটের কালিকাপুরের আটঘরা এলাকায় একটি বাগানবাড়িতে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ পড়ে রয়েছে বলে খবর আসে পুলিশের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজারহাট থানার পুলিশ। সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

মৃতদেহ উদ্ধারের সময় পুলিশ দেখতে পায়, যুবকের কানে ব্লুটুথ হেডফোন লাগানো রয়েছে এবং পাশে পড়ে রয়েছে তাঁর মোবাইল ফোন। সেই সময় তিনি কারও সঙ্গে ফোনে বা ভিডিও কলে কথা বলছিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া মোবাইল ফোনটিও পরীক্ষা করে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ওই ছাত্র বাগানবাড়িটি ভাড়া নিয়ে থাকতেন। দু’দিন আগে তাঁর এক বন্ধু সেখানে আসেন এবং রাতে দু’জনে একসঙ্গেই ঘুমিয়েছিলেন। সকালে ঘুম থেকে উঠে ওই বন্ধু দেখেন, ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। এরপর পাশের এক ব্যক্তিকে ফোন করেন তিনি। ওই ব্যক্তি সেখানে এসে দেখেন, বাগানবাড়িতে একটি গাছে যুবকের ঝুলন্ত দেহ রয়েছে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা খুলে ওই বন্ধুকে বাইরে বের করে এবং পরে মৃতদেহ উদ্ধার করে। ঘটনার তদন্তে ওই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। পাশাপাশি মোবাইল ফোনের তথ্য ও কল রেকর্ড খতিয়ে দেখে মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *