হামলায় আইসিইউতে ভর্তি তৃণমূল নেতা! বিষ্ণুপুরের ঘটনায় কড়া নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের

পুলিশের সামনেই তৃণমূল কাউন্সিলরকে মারধর এবং বিবস্ত্র করে ঘোরানোর অভিযোগে বিস্তারিত রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। হামলায় গুরুতর জখম ওই কাউন্সিলরকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে ভর্তি হতে হয়েছিল। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের এই ঘটনাকে অত্যন্ত গুরুতর বলে বিবেচনা করে বুধবার রাজ্য পুলিশের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

তদন্তে এখনও পর্যন্ত কতজন গ্রেফতার হয়েছেন, তা-ও জানতে চেয়েছে আদালত। পাশাপাশি মামলাকারী ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

ঘটনার সূত্রপাত দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। তৃণমূল কাউন্সিলর জ্ঞানানন্দ সামন্তের অভিযোগ, গত ২৫ অগাস্ট রাতে স্থানীয় কয়েকজন দুষ্কৃতী তাঁর ওপর চড়াও হয়ে মারধর করে। এরপর তাঁকে বিবস্ত্র করে এলাকায় ঘোরানো হয়। অভিযোগ, পুরো ঘটনাটি ঘটেছিল পুলিশকর্মীদের উপস্থিতিতেই। হামলায় গুরুতর জখম হন ওই তৃণমূল নেতা এবং অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে ভর্তি করতে হয়।

এই ঘটনার বিচার চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন জ্ঞানানন্দ সামন্ত। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানিতে অভিযোগের গুরুত্ব খতিয়ে দেখে সংশ্লিষ্ট থানার আইসি-র কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে আদালত।

বিচারপতি সৌগত ভট্টাচার্য এই অভিযোগকে ‘গুরুতর’ বলে উল্লেখ করেছেন। সংশ্লিষ্ট তদন্তকারী আধিকারিক বা ইনস্পেক্টর-ইন-চার্জের কাছ থেকে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছেন তিনি। তদন্ত কোন পর্যায়ে রয়েছে এবং এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, রিপোর্টে তা স্পষ্ট করে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার আবেদনে জানানো হয়েছে, ২৫ অগাস্ট রাতে এই ঘটনা ঘটার পর তৃণমূল নেতা জ্ঞানানন্দ সামন্তকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে এসএসকেএম হাসপাতালে আনা হয় এবং সেখান থেকে বিএমআরআই হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তৃণমূল নেতার স্ত্রী লিপিকা সামন্ত এই ঘটনায় বিষ্ণুপুর থানায় মেল করে এফআইআর দায়েরের আবেদন জানান। পাশাপাশি পরিবারের সদস্যদের সুরক্ষা দেওয়ার আবেদনও জানান তিনি।

উল্লেখ্য, এর আগে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর পর তৃণমূল নেতা-নেত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে কোমরে দড়ি দিয়ে ঘোরানোর ঘটনা ঘটে। ওই ঘটনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সে সময় রাজ্য পুলিশকে অবিলম্বে এমন অমানবিক আচরণ বন্ধ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে এই মামলায় যে অভিযোগ উঠেছে, তা অত্যন্ত গুরুতর বলে পর্যবেক্ষণ আদালতের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *