ভেজাল মদে ২০ জনের মৃত্যুর পর নড়েচড়ে বসল প্রশাসন! মদের ঠেকের সামনেই ডাক্তার-রক্তপরীক্ষা

মদ্যপানজনিত মৃত্যুমিছিলের পর এবার মদের দোকানের সামনেই স্বাস্থ্য পরীক্ষার অভিনব সচেতনতামূলক উদ্যোগ নেওয়া হল মধ্যপ্রদেশে। সাগর জেলার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা মদ কিনতে আসা মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য সরাসরি মদের দোকানের বাইরে স্বাস্থ্য শিবির শুরু করেছেন।
স্বাস্থ্য বিভাগ, আবগারি বিভাগ এবং পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানের মূল লক্ষ্য হল, নিয়মিত মদ্যপানকারীদের মধ্যে সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি চিহ্নিত করা এবং তাঁদের মদ্যপান কমাতে উৎসাহিত করা। এই উদ্যোগের অংশ হিসেবে মেডিক্যাল টিমগুলো বিভিন্ন তহসিলে যাচ্ছে, যেখানে চিকিৎসকরা ক্রেতাদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য মদের দোকানের বাইরে বসছেন।
স্বাস্থ্যকর্মীরা মদ কিনতে আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলছেন, তাঁদের মদ্যপানের অভ্যাস সম্পর্কে জানছেন এবং শারীরিক অবস্থা সংক্রান্ত তথ্য সংগ্রহ করছেন। চিকিৎসকরা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি প্রয়োজনে কিছু ব্যক্তির স্বাস্থ্য পরিস্থিতি খতিয়ে দেখতে রক্তের নমুনাও সংগ্রহ করছেন।
মদের দোকানের বাইরে স্টেথোস্কোপ ও স্বাস্থ্য পরীক্ষার সরঞ্জাম নিয়ে চিকিৎসকদের উপস্থিতির ভিডিয়ো সমাজমাধ্যমে শোরগোল ফেলে দিয়েছে। একাংশ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, এর মাধ্যমে এমন অনেক মানুষের কাছে পৌঁছানো সম্ভব, যাঁরা সাধারণত স্বাস্থ্য পরীক্ষা এড়িয়ে চলেন। অন্যদিকে, মদ কিনতে আসা ক্রেতারা এই ধরনের জায়গায় স্বাস্থ্য পরীক্ষা করতে কতটা আগ্রহী হবেন, তা নিয়ে প্রশ্নও তুলেছেন অনেকে।
সাগর জেলায় মদ্যপানজনিত মৃত্যু নিয়ে উদ্বেগের মধ্যেই এই প্রচার অভিযান শুরু হয়েছে। উল্লেখ্য, সেপ্টেম্বরে জেলায় ভেজাল মদের কারণে ঘটা এক মর্মান্তিক ঘটনায় ২০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে। যা অবৈধ মদ বিক্রি এবং সে সংক্রান্ত পদক্ষেপকে তদন্তের আওতায় নিয়ে আসে। বান্দার ঘটনাগুলোর ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় যে, মৃতদের মধ্যে কয়েকজনের আগে থেকেই স্বাস্থ্যজনিত সমস্যা ছিল। এই তথ্য সামনে আসার পরই প্রশাসন নিয়মিত মদ্যপানকারীদের স্বাস্থ্যঝুঁকির দিকে নজর দেওয়ার সিদ্ধান্ত নেয়।
স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি চিকিৎসকরা অতিরিক্ত মদ্যপানের ঝুঁকি সম্পর্কেও মানুষকে সচেতন করছেন। আধিকারিকরা প্রয়োজনমতো ওষুধ ও মাল্টি ভিটামিন দিচ্ছেন এবং মদ্যপান কমানোর উপায় নিয়ে পরামর্শ দিচ্ছেন। খালি পেটে এবং আগে থেকে খোলা বোতল থেকে মদ পান না করার পরামর্শও দেওয়া হচ্ছে।
ঝুঁকি এড়াতে শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত সরকারি দোকান থেকে মদ কেনার জন্য অনুরোধ করা হচ্ছে। এক আধিকারিক জানিয়েছেন, সোমবার যৌথ দলটি সাগর শহর, দেওরি, রাহলি, বিনা এবং খুরাই জুড়ে ৯৭ জন ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করেছে এবং তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দিয়েছে।