লন্ডনগামী বিমানে ওঠার মুখে দিল্লি বিমানবন্দরে আটকে সৌরভ দাস! পাসপোর্ট নিয়ে কী জানাল বিদেশমন্ত্রক?

চেন্নাইয়ের আঞ্চলিক পাসপোর্ট অফিস ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র সহ-আহ্বায়ক সৌরভ দাসকে সাত দিনের মধ্যে তাঁর জন্মস্থান সংক্রান্ত তথ্য স্পষ্ট করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি, এই বিষয়ে জবাব না দেওয়া পর্যন্ত তাঁকে পাসপোর্ট ব্যবহার না করার পরামর্শও দেওয়া হয়েছে। বুধবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানিয়েছেন।

জয়সওয়াল জানান, আইন প্রয়োগকারী সংস্থার কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর ২৩ নভেম্বর পাসপোর্ট অফিস শো-কজ নোটিশ জারি করে। তাঁর কথায়, এই নোটিশের মাধ্যমে সৌরভ দাসকে তাঁর দেওয়া জন্মস্থান সংক্রান্ত তথ্যে যে অসঙ্গতি ধরা পড়েছে, তা ব্যাখ্যা করার সুযোগ দেওয়া হয়েছে। তবে ঠিক কী ধরনের অসঙ্গতি রয়েছে, সে বিষয়ে জয়সওয়াল বিস্তারিত কিছু জানাননি।

এর আগে সৌরভ দাস অভিযোগ করেন যে, সোমবার রাত ১টায় লন্ডনগামী বিমানে ওঠার ঠিক আগে দিল্লি বিমানবন্দরে তাঁকে আটকে দেওয়া হয়। তিনি সংবাদ সংস্থা পিটিআই-কে জানান, অভিবাসন কর্তারা তাঁকে জানিয়েছেন যে তাঁর পাসপোর্টটি ‘ফ্ল্যাগ’ বা সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে সৌরভ দাসের আবেদনের শুনানি বিমানবন্দরে ঘটে যাওয়া ওই ঘটনার প্রেক্ষিতে বুধবার সৌরভ দাস দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁর আইনজীবী ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিতিন বাসুদেও সামব্রে এবং বিচারপতি সঞ্জয় শর্মার বেঞ্চে জরুরি শুনানির আবেদন জানান। আদালত জানিয়েছে, বৃহস্পতিবার এই আবেদনের শুনানি হবে।

সৌরভ দাসের আইনজীবী আদালতকে জানান, অভিবাসন কর্তারা তাঁকে বিদেশে যেতে বাধা দেওয়ার কোনও আনুষ্ঠানিক আদেশ দেখাতে পারেননি। তিনি আরও বলেন, সৌরভ দাস চাইলে এখনও ২৭ নভেম্বর ব্রিটেনে পৌঁছাতে পারেন।

সৌরভ দাস পিটিআই-কে জানিয়েছেন, অক্সফোর্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন তাঁকে একটি প্যানেল আলোচনায় ‘ককরোচ মুভমেন্ট’ নিয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে তাঁকে বিদেশ ভ্রমণে বাধা দেওয়ার জন্য মোদি সরকারকে দায়ী করেছেন সৌরভ। তিনি আরও জানান, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, লন্ডন স্কুল অব ইকোনমিক্স এবং এডিনবরা বিশ্ববিদ্যালয়েও তাঁকে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। সৌরভ দাসের দাবি, এই ঘটনা তাঁকে তাঁর কাজ চালিয়ে যাওয়া বা বিদেশ ভ্রমণ থেকে বিরত রাখতে পারবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *