দুর্গাপুরে ৩৫ হাজার কোটি টাকার মেগা প্রকল্প! নতুন গ্রিনফিল্ড ইউনিট গড়ছে সেইল

রাজ্যের শিল্প মানচিত্রে বড়সড় পরিবর্তন আনতে চলেছে রাষ্ট্রায়ত্ত ইস্পাত সংস্থা ‘স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড’ বা সেইল (SAIL)। দুর্গাপুর স্টিল প্লান্টের (DSP) সম্প্রসারণের অংশ হিসেবে একটি অত্যাধুনিক ‘গ্রিনফিল্ড’ বা পরিবেশবান্ধব প্রযুক্তিনির্ভর দ্বিতীয় ইউনিট গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই মেগা প্রকল্পে আনুমানিক ৩৫ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রক ও সেইল সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর স্টিল প্লান্টের সম্প্রসারণকে দু’টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি, বর্তমান কারখানার ভিতরে ‘ব্রাউনফিল্ড’ সম্প্রসারণ এবং দ্বিতীয়টি, বাইরে নতুন জমিতে ‘গ্রিনফিল্ড’ প্রকল্প তৈরির পরিকল্পনা নিয়েছে সেইল। ইতিমধ্যেই এই গ্রিনফিল্ড প্রকল্পের জন্য ‘প্রজেক্ট ফিজিবিলিটি রিপোর্ট’ (PFR) জমা দেওয়া হয়েছে এবং কারিগরি পরামর্শদাতা হিসেবে এমএন দস্তুর অ্যান্ড কোম্পানিকে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি সেইলের সামগ্রিক ১ লক্ষ কোটি টাকার সম্প্রসারণ পরিকল্পনার আওতায় প্রাথমিক পর্যায়ের নীতিগত ছাড়পত্র ও বোর্ডের অনুমোদন প্রক্রিয়া এগিয়েছে। তবে চূড়ান্ত পর্যায়ের (Stage-II) বিনিয়োগ ও পরিবেশগত ছাড়পত্রের প্রক্রিয়া বর্তমানে পর্যালোচনার স্তরে রয়েছে।
প্রকল্পের জন্য চিহ্নিত জমি এই নতুন কারখানা গড়ে তোলার জন্য দুর্গাপুর ইস্পাত নগরীর অদূরে অন্ডাল বিমানবন্দরের (কাজী নজরুল ইসলাম বিমানবন্দর) নিকটবর্তী এলাকাকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। সরকারি নথি ও ইস্পাত মন্ত্রকের তথ্য অনুযায়ী, ডিএসপি-র গ্রিনফিল্ড সম্প্রসারণের জন্য প্রায় ১,৩৫৬ একর জমি সেইলের হাতে রয়েছে। যার মধ্যে মূল কারখানা নির্মাণের জন্য প্রায় ৯০০ একর জমি সরাসরি ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। জল, কয়লাখনি এবং রেল যোগাযোগ কাছাকাছি থাকার কারণে এই জায়গাটিকে আদর্শ বলে মনে করা হচ্ছে।
সেইলের গ্রিন প্রজেক্ট সেইল তাদের ‘নেট জিরো’ (Net Zero) লক্ষ্যমাত্রা পূরণে নতুন প্রকল্পগুলিতে কার্বন নিঃসরণ কমানোর ওপর বিশেষ জোর দিচ্ছে। সেইলের বার্ষিক রিপোর্ট অনুযায়ী, নতুন ইউনিটগুলিতে কম কার্বন নিঃসরণকারী প্রযুক্তি, হাইড্রোজেন-ভিত্তিক উৎপাদন প্রক্রিয়া এবং পুনর্নবিকরণযোগ্য শক্তির ব্যবহার নিশ্চিত করা হবে। ইতিমধ্যেই ডিএসপি-তে কার্বন কমাতে কয়লার বদলে ‘বায়োচার’-এর পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে।
কর্মসংস্থানের সম্ভাবনা প্রকল্পটি বাস্তবায়িত হলে পশ্চিম বর্ধমান তথা গোটা দক্ষিণবঙ্গের অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে। তবে এই নতুন গ্রিনফিল্ড কারখানায় ঠিক কতজন মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হবে, সে বিষয়ে সেইল ও কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রকের তরফে এখনও কোনও নির্দিষ্ট সরকারি পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। বিস্তারিত প্রকল্প রিপোর্ট (DPR) চূড়ান্ত হলেই কর্মসংস্থানের সঠিক সংখ্যাটি স্পষ্ট হবে। তবুও শিল্প মহলের মতে, ৩৫ হাজার কোটি টাকার একটি বৃহৎ ইস্পাত কারখানা গড়ে উঠলে নির্মাণ পর্ব থেকে শুরু করে উৎপাদন ও অনুসারী শিল্পে কয়েক হাজার মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
সেইল আধিকারিকসহ অন্যান্যদের মতামত এই বিষয়ে সেইলের ডিরেক্টর (ফিন্যান্স) অশোক কুমার পণ্ডা বলেন, “২০৩০ সালের মধ্যে সেইলের উৎপাদন ক্ষমতা বার্ষিক ২০ মিলিয়ন টন থেকে বাড়িয়ে ৩৫ মিলিয়ন টনে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। যেখানে পরিবেশবান্ধব বা ‘গ্রিন ক্যাপাসিটি’ তৈরির ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে দুর্গাপুরে বর্তমান কারখানার ক্ষমতা ২.২ মিলিয়ন টন থেকে বাড়িয়ে ৩.০৯ মিলিয়ন টন করা হচ্ছে। পাশাপাশি একটি গ্রিনফিল্ড সম্প্রসারণের পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী এইচ ডি কুমারস্বামী দুর্গাপুর সফরে এসে সংস্থার নিজস্ব জমিতে ডিএসপি-র আধুনিকীকরণ ও সম্প্রসারণের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন।
দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “দুর্গাপুর নতুন রূপে সেজে উঠতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিনিয়োগ এবং কর্মসংস্থান—এই দু’টিকে সামনে রেখেই দুর্গাপুরকে নবরূপে গড়ে তোলার বিরাট প্রচেষ্টা শুরু হয়েছে। দুর্গাপুরের সরকারি কলেজ থেকে বেসরকারি আইকিউ সিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পর্যন্ত ফাঁকা পড়ে থাকা দুর্গাপুর ইস্পাত কারখানার জমিতে ইন্টিগ্রেটেড রোলিং মিল তৈরি হবে।” মুখ্যমন্ত্রীর পরিকল্পনার কথা তুলে ধরে তিনি আরও বলেন, দুর্গাপুরের বেসরকারি উদ্যোগগুলিকে রাষ্ট্রায়ত্ত ডিএসপি ও এএসপি কারখানার সঙ্গে যুক্ত করে সেগুলিকে অনুসারী শিল্প হিসেবে প্রতিষ্ঠা দেওয়ার উদ্যোগ রয়েছে, এবং এই গ্রিনফিল্ড প্রজেক্ট দুর্গাপুরকে নতুন দিশা দেখাবে।
দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “যখন বাবুল সুপ্রিয় মন্ত্রী ছিলেন, সেই সময় দুর্গাপুরের এএসপি কারখানাকে বাঁচানোর লড়াই শুরু করেছিলাম। সেখানে ১,৭১৪ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। আবার দুর্গাপুর ইস্পাত কারখানার জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ হচ্ছে। স্বাভাবিকভাবে দুর্গাপুরের সন্তান হিসেবে স্বপ্ন দেখছি।”
আরএসএস-এর শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘের পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক মৃন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, “অতি মহামারীর সময়ে আমরা বুঝতে পেরেছিলাম যে কত শিক্ষিত যুবক এবং এই রাজ্যের কত মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য রাজ্যে কাজ করতে যান। ৩৫ হাজার কোটি টাকায় এই যে নতুন প্রকল্প, তাতে বহু ঘরের ছেলে যেমন ঘরে ফিরে আসবেন, ঠিক তেমনই যাঁদের ঘরের সন্তানরা লেখাপড়া শিখে বড় হচ্ছে, তাঁদের পরিবারের লোকরাও এই খবরে অত্যন্ত খুশি হবেন।”
অন্যদিকে, এই সম্প্রসারণ নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী এবং সিটু নেতা প্রকাশতরু চক্রবর্তী বলেন, “আমরা বহু আগে থেকে ইউনিয়নগতভাবে দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকীকরণ নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছি। ২০২০ সাল থেকে আমরা এমন কথা শুনতে পাচ্ছি। আরও একটি অশনি সংকেত, তা হল কেন্দ্রীয় সরকার অন্যান্য নবরত্ন সংস্থাগুলিকে যেমন বেসরকারিকরণ করার দিকে ঝুঁকেছে, আমাদের ভয় এই রাষ্ট্রায়ত্ত সংস্থাকেও তারা না একইভাবে বেসরকারি হাতে তুলে দেয়। এই নিয়ে আমাদের লড়াই জারি আছে। তবে সেইলের পক্ষ থেকে যদি শুধুমাত্র দুর্গাপুরে ৩৫ হাজার কোটি টাকায় এই গ্রিনফিল্ড ইস্পাত কারখানা তৈরি করা হয়, তাকে আমরা স্বাগত জানাচ্ছি।”
জওহরলাল নেহরু দেশের প্রধানমন্ত্রী এবং বিধানচন্দ্র রায় রাজ্যের মুখ্যমন্ত্রী থাকাকালীন শাল-পিয়ালের জঙ্গল কেটে দুর্গাপুর শিল্পনগরীর আত্মপ্রকাশ হয়েছিল এবং একের পর এক কলকারখানা গড়ে উঠেছিল। কিন্তু পরবর্তীতে ৩৪ বছরের বাম সরকারের সময়কালে দুর্গাপুরের বহু রাষ্ট্রায়ত্ত সংস্থা বন্ধ হয়ে যায় এবং একসময় শিল্পে মড়ক দেখা দেয়। পরবর্তীকালে গুটিকতক স্পঞ্জ আয়রন ও ফেরো অ্যালয় কারখানা গড়ে উঠলেও সেভাবে ভারী শিল্প আসেনি। দুর্গাপুরে গ্রিনফিল্ড প্রজেক্ট বাস্তবায়িত হলে শিল্পনগরী আবারও তার হারানো গৌরব অনেকখানি ফিরে পাবে বলে মনে করছে বাণিজ্যমহল।