‘উন্নয়ন হবে, হিসেবও হবে’! খাগড়াবাড়ি হামলার ছবি দেখিয়ে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

‘উন্নয়ন হবে, হিসেবও হবে’। কোচবিহারে গিয়ে ২০২৫ সালের অগাস্ট মাসে খাগড়াবাড়ি কনভয়ে হামলার প্রসঙ্গ টেনে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০২৫ সালের ৫ অগাস্ট খাগড়াবাড়িতে তাঁর কনভয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। সেদিন পেট্রোল ঢেলে গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছিল বলে দাবি করা হয়। বুধবার কোচবিহারে গিয়ে শুভেন্দু বলেন, “অনেক সহ্য করেছি, গাড়িতে পেট্রোল ঢালা হয়েছিল। ছবিগুলো আমার গোছানো আছে। উন্নয়ন হবে, হিসেবও হবে।”

রাস উৎসব উপলক্ষে কোচবিহারে যান মুখ্যমন্ত্রী। সেখানে রাজবংশী সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। রাজবংশী ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার বিষয় নিয়েও আলোচনা করেন শুভেন্দু অধিকারী। বৈঠকের পর কোচবিহার রাজবাড়িতে যান এবং শোভাযাত্রায় অংশ নেন তিনি। এরপর মদনমোহন মন্দিরে পুজো দিয়ে এমজেএম স্টেডিয়ামে রাসমেলার উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।

কোচবিহার থেকে উত্তরবঙ্গের এই জেলা নিয়ে একাধিক বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, “এটা আমার সরকার নয়, আমাদের সরকার। পর্যটনের অন্যতম ডেস্টিনেশন হবে কোচবিহার। হারানো ঐতিহ্যকে ফেরাবে বিজেপি সরকার। আধুনিক বিমানবন্দর ও স্বাস্থ্য পরিকাঠামো তৈরি হবে কোচবিহারে। উড়ান প্রকল্পে কোচবিহার বিমানবন্দরের কাজ সম্পূর্ণ হবে।”

পাশাপাশি তিনি বলেন, “বিধায়কদের বলব, যোগ্য মহিলারা যেন অন্নপূর্ণা যোজনার টাকা পান। কোচবিহার থেকে মুসলিম অনুপ্রবেশকারীদের তাড়াতে হবে। যে সব হিন্দু প্রাণ বাঁচাতে কোচবিহার দিয়ে দেশে ঢুকেছেন, তাঁরা শরণার্থী। দিদি-বোনদের ওপর আঙুল তুললে আঙুল ভেঙে দেওয়া হয়েছে।” এরপরেই খাগড়াবাড়ির ঘটনার প্রসঙ্গ টেনে তাঁর হুঙ্কার, “খাগড়াবাড়িতে আমার গাড়িতে আগুন লাগানোর চেষ্টা হয়েছিল। উন্নয়নও হবে, হিসাবও হবে।”

উল্লেখ্য, সোমবার নবান্নে রাজ্যের মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শেষে সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী জানান, মন্ত্রিসভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম হল রাজ্যের ইংরেজি নামের পরিবর্তন। শুভেন্দু বলেন, “পশ্চিমবঙ্গ নাম ইংরেজিতে পশ্চিমবঙ্গ হিসেবেই লেখা হবে। এতদিন যে ওয়েস্ট বেঙ্গল লেখা হতো, সেটা আর লেখা হবে না। ইংরেজি হরফেও পশ্চিমবঙ্গই লেখা হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *