কোনো মুখ নয়, পদ্ম চিহ্নেই লড়বে বিজেপি! ইউপির ভোট নিয়ে বিস্ফোরক উপমুখ্যমন্ত্রী

আগামী বিধানসভা নির্বাচনে উত্তর প্রদেশে কি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সামনে রেখেই ভোটের লড়াইয়ে নামবে বিজেপি? নাকি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে অন্য কোনও নাম সামনে এনে চমক দেওয়া হবে? এই জল্পনার মাঝেই বুধবার উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য স্পষ্ট করে দিলেন, কোনও নির্দিষ্ট নাম নয়, আগামী বিধানসভা নির্বাচনে উত্তর প্রদেশে পদ্ম প্রতীককে সামনে রেখেই ময়দানে নামবে বিজেপি।
বিজেপি কীভাবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বেছে নেয়, সেই প্রক্রিয়া ব্যাখ্যা করতে গিয়ে কেশব মৌর্য বলেন, ‘যে কোনও নির্বাচনে পদ্ম ফুলই বিজেপির মুখ হয়। বিধায়করা নির্বাচিত হওয়ার পর তাঁদের নিয়ে বৈঠক ডাকা হয়, সেখানে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা আসেন। তারপর সহমতের ভিত্তিতে দলনেতা নির্বাচন করা হয়।’
যোগী আদিত্যনাথই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে ফিরবেন কি না, এমন প্রশ্নের জবাবে উপমুখ্যমন্ত্রী জানান, ভোটের পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল। তাঁর কথায়, ‘বর্তমানে যোগী আদিত্যনাথ আমাদের মুখ্যমন্ত্রী। তিনিই মুখ্যমন্ত্রী থাকবেন কি না, সেই সিদ্ধান্ত আমি নিই না। নির্বাচনের পর বিধায়করা মিলে দলনেতাকে বেছে নেবেন।’
এদিন একই সঙ্গে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের সম্ভাব্য জোটকে তীব্র কটাক্ষ করেন কেশব মৌর্য। দুই দলের জোটকে প্রতারক, গুন্ডা, দাঙ্গাকারী, অপরাধী এবং দুর্নীতিগ্রস্তদের জোট বলে আক্রমণ শানান তিনি।
প্রবল আত্মবিশ্বাসের সুরে কেশব মৌর্য দাবি করেন, টানা তৃতীয় বারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে উত্তর প্রদেশে সরকার গড়বে বিজেপি। দিল্লিতে কংগ্রেস ও সমাজবাদী পার্টির মধ্যে আসন সমঝোতা নিয়ে চলা বৈঠককেও ‘নাটক’ বলে কটাক্ষ করেছেন তিনি। তাঁর বক্তব্য, ‘ওই দুই দলের মধ্যে এই সমস্ত নাটক চলতেই থাকে, কিন্তু বিজেপির উপরে এর কোনও প্রভাব পড়বে না।’