বসিরহাটে উপচে পড়া ভিড়! ছুটির দিনেও চলছে সিএএ শুনানি, জানুন বড় আপডেট

সীমান্তবর্তী জেলা উত্তর ২৪ পরগনায় নাগরিকত্ব ও ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া ঘিরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে উঠেছে।

জেলা প্রশাসন সূত্রে খবর, সমগ্র উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-র আওতায় এখনও পর্যন্ত প্রায় ১ লক্ষ আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৭৫ শতাংশ আবেদনের শুনানি বা হেয়ারিং প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আগামী ২৮ নভেম্বরের মধ্যে বাকি ২৫ শতাংশ আবেদনের শুনানিও শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে প্রশাসন।

নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই বিপুল সংখ্যক আবেদনের নিষ্পত্তি করতে জেলার প্রতিটি মহকুমা শাসকের (এসডিও) দফতরে জোরকদমে কাজ চলছে। বিশেষ করে বসিরহাট মহকুমা শাসকের দফতরের সামনে প্রতিদিনই আবেদনকারীদের দীর্ঘ লাইন চোখে পড়ছে। সাধারণ কর্মদিবসের পাশাপাশি কাজের গতি বাড়াতে শনিবার এবং রবিবার বাদে যে কোনও সরকারি ছুটির দিনেও শুনানি প্রক্রিয়া চালু রাখা হয়েছে।

এছাড়া বুধবার থেকে বসিরহাটে এসডিও অফিসে সিএএ-র শুনানি ঘিরে বিশেষ তৎপরতা দেখা যায়। বসিরহাট মহকুমা শাসক দফতরের এক আধিকারিক বলেন, “সিএএ সংক্রান্ত কাজের জন্য আরও কর্মী নিয়োগ করা হয়েছে। পাশাপাশি ছুটির দিনেও কাজকর্ম হচ্ছে। এক ঘণ্টা করে কাজের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবারের পর বুধবারও বেশ কিছু সংখ্যায় শুনানি শেষ করা হয়েছে।”

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকা বহু মানুষ নিজেদের নাগরিকত্ব ও বসবাসের বৈধতা প্রমাণের জন্য প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন। শুনানিতে আবেদনকারীদের কাছ থেকে একটি নির্দিষ্ট ফর্মের মাধ্যমে বাংলাদেশের আদি ঠিকানা, ভারতে আসার সাল, বর্তমান ঠিকানা এবং এ দেশে বসবাসের স্বপক্ষে থাকা যাবতীয় নথিপত্র চাওয়া হচ্ছে।

শুনানিতে অংশ নিতে আসা আবেদনকারীদের বক্তব্যে উঠে এসেছে ওপার বাংলায় দীর্ঘদিনের অত্যাচার ও বঞ্চনার কথা। বাংলাদেশের সাতক্ষীরা থেকে বসিরহাটে এসে বসবাস শুরু করেন শিপ্রা ঘোষ। তিনি বলেন, “বাংলাদেশে নির্যাতনের শিকার হয়েছিলাম। বাঁচতে ২০১৪ সালে ভারতে চলে এসেছিলাম। আমাদের সিএএ শুনানির জন্য ডাকা হয়েছে। সরকার নাগরিকত্ব দেবে, তাতে আমরা খুব খুশি।”

আরেক আবেদনকারী ঝুলন দাস বলেন, “আজকে শুনানির জন্য ডেকেছিল তাই মহকুমা শাসকের দফতরে এসেছিলাম। বাংলাদেশে অত্যাচারিত হওয়ার পর এদেশে এসে নাগরিকত্ব পেতে চলেছি। এতে আমরা খুব খুশি।”

বাংলাদেশের পাইকগাছা-পাটকেলঘাটা থেকে আসা এবং বর্তমানে দক্ষিণ যাত্রার বাসিন্দা বীথিকা দাস বলেন, “ওপার বাংলায় জমি-জায়গা কেড়ে নেওয়া ও চরম অত্যাচারের মুখে পড়ে আমরা ভ্যানে চেপে পালিয়ে এ দেশে এসেছিলাম। ভোটার তালিকায় নাম সংক্রান্ত জটিলতা কাটাতে ও স্থায়ী নাগরিকত্বের আশায় সিএএ-তে আবেদন করে এদিন শুনানিতে ডাক পেয়েছি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। উনি আমাদের জন্য অনেক কিছু করছেন। আমরা এই দেশেই থাকব। আমাদের নাগরিকত্ব চাই।”

সিএএ আবেদনকারী রতনকৃষ্ণ দেব বলেন, “আশির দশকের আগে বাংলাদেশের ভোলা জেলা থেকে প্রাণ বাঁচাতে আমরা ভারতে চলে এসেছিলাম। দীর্ঘদিন বঞ্চিত থাকার পর অবশেষে ভারতের জাতীয় নাগরিকত্ব ও সম্মানজনক শংসাপত্র পাওয়ার আশায় আমি মহকুমা শাসকের দফতরে এসেছি।”

অন্যদিকে, বাবার সিএএ কার্ডের শুনানির জন্য আসা সুদীপা দে’র কথায়, “১৯৯২-৯৩ সাল নাগাদ বাংলাদেশের ভোলা জেলার বোরহানউদ্দিনে আমাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সেসময় প্রাণ বাঁচাতে আমরা পাসপোর্ট করে এ দেশে চলে আসি। সম্প্রতি বাবার ভোটার কার্ড সংক্রান্ত সমস্যা দেখা দেওয়ায় আমরা সিএএ-তে আবেদন করেছি।”

মহকুমা শাসক দফতরের এক আধিকারিক বলেন, “কেবল আবেদনপত্র বা নথি জমা দিলেই সরাসরি নাগরিকত্ব বা বৈধ বসবাসের স্বীকৃতি মিলছে না। জমা পড়া সমস্ত নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

পাশাপাশি শুনানির সময় যাঁরা প্রয়োজনীয় সব কটি নথিপত্র একসঙ্গে জমা দিতে পারছেন না, তাঁদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অসম্পূর্ণ নথি থাকা আবেদনকারীদের ক্ষেত্রে খুব শীঘ্রই পরবর্তী শুনানির নতুন তারিখ ঘোষণা করা হবে বলে প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *