রাহুল গান্ধীর সম্পত্তি মামলায় বড় স্বস্তি! হাই কোর্টের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টে

কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-কে দেওয়া সেই নির্দেশ বুধবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই পদক্ষেপে সাময়িক স্বস্তি পেলেন রাহুল গান্ধি।

এদিন প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনাকে নিয়ে গঠিত বেঞ্চ বিজেপি নেতা বিঘ্নেশ শিশিরের দায়ের করা আবেদনটি পুনরায় বিবেচনার জন্য এলাহাবাদ হাইকোর্টে ফেরত পাঠিয়েছে। আবেদনটি আদৌ শুনানির যোগ্য কি না, সেই বিষয়টিও নতুন করে খতিয়ে দেখার কথা রয়েছে।

এর আগে সুপ্রিম কোর্ট এলাহাবাদ হাইকোর্টকে নির্দেশ দিয়েছিল, রাহুল গান্ধির বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগ সংক্রান্ত মামলাটি যেন এগিয়ে না নিয়ে যাওয়া হয়। পাশাপাশি হাইকোর্টের নির্দেশ মেনে ওই মামলায় কোনও রিপোর্ট জমা না দেওয়ার জন্য সিবিআই ও ইডি-কে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সিবিআই ও ইডি-কে পদক্ষেপ নেওয়ার জন্য এলাহাবাদ হাইকোর্টের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাহুল।

উল্লেখ্য, এলাহাবাদ হাইকোর্ট আগে পর্যবেক্ষণ করেছিল যে, সিবিআই-এর জমা দেওয়া হলফনামাটি আদালতের আগের নির্দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। রাহুল গান্ধির সম্পত্তি নিয়ে আবেদনকারীর অভিযোগের ভিত্তিতে তদন্তে কী অগ্রগতি হয়েছে, তার যথাযথ ব্যাখ্যাও দেওয়া হয়নি বলে অসন্তোষ প্রকাশ করেছিল হাইকোর্ট। সে সময় নয়াদিল্লিতে সিবিআই-এর দুর্নীতি দমন বিভাগের সদর দফতরের যুগ্ম অধিকর্তা অথবা সংশ্লিষ্ট অঞ্চলের প্রধানকে ব্যক্তিগতভাবে নতুন হলফনামা দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছিল, যাতে তদন্তের অগ্রগতির বিস্তারিত তথ্য থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *