১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার! মানবাধিকার ও আইনি অধিকার নিয়ে কী লিখলেন তসলিমা নাসরিন?

আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার কথা ঘোষণা করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে এখন উত্তাল বাংলাদেশের রাজনৈতিক মহল; বিভিন্ন স্থানে দাঙ্গা ও আওয়ামী লীগের কর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ উঠছে এবং ইসলামপন্থীদের রোষে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে উদ্বেগ ছড়িয়েছে। এই আবহেই হাসিনার ফেরা প্রসঙ্গে সমাজমাধ্যমে নিজের মতামত তুলে ধরেছেন সাহিত্যিক তসলিমা নাসরিন।

তসলিমা নাসরিনের মতে, নিজের দেশে ফিরে আসার পূর্ণ অধিকার রয়েছে শেখ হাসিনার। তাঁর বিরুদ্ধে যত গুরুতর অভিযোগই থাকুক না কেন, সেগুলির জবাব দেওয়ার এবং নিরপেক্ষ আদালতে বক্তব্য পেশ করার সুযোগ তাঁকে দেওয়া উচিত। পছন্দের আইনজীবীর সহায়তা নেওয়া, অভিযোগের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থন করা এবং আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদন জানানোর অধিকার প্রত্যেক নাগরিকেরই প্রাপ্য বলে মনে করেন তিনি।

সাহিত্যিকের বক্তব্য, দেশে ফেরার অধিকার কোনও সরকারের দয়া বা অনুগ্রহ নয়; এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার। তবে আদালতে অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই তাঁকে আইনের আওতায় এনে জবাবদিহি করতে হবে এবং একইসঙ্গে তাঁর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন তসলিমা। তাঁর কথায়, হাসিনার রাজনীতির সমালোচনা করার অর্থ তাঁর প্রতি অন্যায়কে সমর্থন করা নয়। একইভাবে, তাঁর শাসনকালে সংঘটিত অন্যায়ের বিচার চাওয়ার পাশাপাশি তাঁর মানবাধিকার রক্ষার দাবিও তোলা সম্ভব; কেবল পছন্দের মানুষের ক্ষেত্রে মানবাধিকারের দাবি উঠলে সেই অধিকারের প্রকৃত অর্থই নষ্ট হয়।

কোনও দেশ কোনও রাজনৈতিক দল বা শাসকের ব্যক্তিগত সম্পত্তি নয়—এই যুক্তি তুলে ধরে তসলিমা মনে করেন, দেশে ফেরার পাশাপাশি রাজনীতি করার ও দল সংগঠিত করার অধিকার শেখ হাসিনার থাকা উচিত। পাশাপাশি আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা থাকলে তার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ ও আদালতে চ্যালেঞ্জ জানানোর সুযোগ থাকাও প্রয়োজন।

শিক্ষাব্যবস্থা ও সামাজিক নিরাপত্তার প্রসঙ্গ শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের পক্ষে সওয়াল করে তসলিমা বলেছেন, ধর্মীয় উগ্রবাদের বদলে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও ধর্মনিরপেক্ষ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। শিশুদের বিজ্ঞান ও ইতিহাস শেখানোর পাশাপাশি প্রশ্ন করতে ও যুক্তিবাদী চিন্তা করতে শেখানোর ওপর জোর দিয়েছেন তিনি।

ছোট থেকেই নারী-পুরুষের সমানাধিকার, ভিন্ন ধর্মের মানুষের অধিকার এবং ধর্মে অবিশ্বাসীদের মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে নতুন প্রজন্মকে শিক্ষিত করার কথা বলেছেন সাহিত্যিক। সাম্প্রদায়িকতা, নারী বিদ্বেষ, ধর্ষণ, খুন, দুর্নীতি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে তিনি বলেন, অপরাধী যে ধর্ম, দল বা আর্থিক অবস্থানেরই হোক না কেন, তাকে রক্ষা করা উচিত নয়।

বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও নারীদের স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তসলিমা। তাঁর মতে, নারী যেন নিজের ইচ্ছামতো স্বাধীনভাবে বাঁচতে পারেন, সংখ্যালঘুরা যেন নিরাপত্তাহীনতায় না ভোগেন এবং কেউ যেন মত প্রকাশ করতে গিয়ে আতঙ্কিত না হন। পোশাক, ভালোবাসা বা লেখার স্বাধীনতা কোনও রাজনৈতিক দল বা ধর্মীয় সংগঠন নির্ধারণ করতে পারে না; মানুষের ব্যক্তিগত স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত বলেই মত প্রকাশ করেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *