সেনসেক্সে প্রায় ২ হাজার পয়েন্ট লাফ, ২৫,৯০০ পার নিফটির! সর্বকালীন রেকর্ডের দোরগোড়ায় ভারতীয় শেয়ার বাজার

বুধবার সকালে ভারতীয় শেয়ার বাজারে বড়সড় উত্থান দেখা গেল। লেনদেনের শুরু থেকেই সেনসেক্স ও নিফটি—উভয় সূচকই ২ শতাংশের বেশি বেড়ে যায়। সকাল ১১টা ২০ মিনিট নাগাদ সেনসেক্স ১,৯৭৮.৮৫ পয়েন্ট বেড়ে ৮৪,৪১৪.৮৪ স্তরে পৌঁছায়। অন্যদিকে, নিফটি ৫০ বেড়ে হয় ২৫,৯৩২.১০; এই সময়ে নিফটির বৃদ্ধি ছিল ৫৮২.৪৫ পয়েন্ট বা ২.৩০ শতাংশ।
বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ নিফটির দিনের সর্বোচ্চ স্তর ছুঁয়েছিল ২৫,৯৪৮.৯৫ পয়েন্টে। নিফটির সর্বকালীন সর্বোচ্চ রেকর্ড ২৬,৩৭৩.২০—ফলে সেই রেকর্ড ছুঁতে আর মাত্র ১.৬১ শতাংশ দূরে রয়েছে সূচকটি। অন্যদিকে, ৮৬,১৫৯ রেকর্ড স্তরের তুলনায় সকাল সাড়ে ১১টা পর্যন্ত সেনসেক্স ছিল ৮৪,৪০২ পয়েন্টের আশপাশে, যা সর্বকালীন উচ্চতা থেকে মাত্র ২.০৩ শতাংশ দূরে।
কেন বাড়ছে শেয়ার বাজার? বাজারের এই তেজির পেছনে একাধিক কারণ তুলে ধরেছেন বিশেষজ্ঞরা। প্রথমত, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটাই কমেছে, যার ইতিবাচক প্রভাব পড়েছে ভারতীয় টাকার মানে। দ্বিতীয়ত, আমেরিকা-সহ বিভিন্ন দেশের বাজারে এআই (AI) সংস্থার শেয়ারের দরপতনের মাঝে বিদেশি বিনিয়োগকারীদের একটি বড় অংশ ভারতের বাজারে লগ্নি বাড়াচ্ছেন। পাশাপাশি, ভারতীয় সংস্থাগুলির দ্বিতীয় ত্রৈমাসিকের (Q2) আর্থিক ফলাফল প্রত্যাশার চেয়ে ভালো হওয়ায় এবং সাম্প্রতিক মাসগুলিতে দামের সংশোধনের পর অনেক শেয়ার আকর্ষণীয় স্তরে আসায় বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে।
ব্যাঙ্কিং ও আর্থিক সংস্থার শেয়ারে বড় লাভ বুধবারের বাজার উত্থানে সবচেয়ে বেশি লাভবান হয়েছে ব্যাঙ্কিং ও আর্থিক পরিষেবা ক্ষেত্রের সংস্থাগুলি। বাজাজ ফিনসার্ভ, বাজাজ ফিন্যান্স, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ারের দাম প্রায় ৩.৬৭ শতাংশ থেকে ৪.৬১ শতাংশ পর্যন্ত বেড়ে যায়; এর মধ্যে বাজাজ ফিনসার্ভের শেয়ারের উত্থান ছিল সবচেয়ে বেশি। অন্যদিকে, সেনসেক্সভুক্ত ৩০টি সংস্থার মধ্যে টাটা স্টিল ও টাইটানের শেয়ারে পতন দেখা গেলেও বাকি অধিকাংশ শেয়ারই ছিল ঊর্ধ্বমুখী। সকাল থেকেই দুই প্রধান সূচকে ব্যাপক কেনাকাটার ছবি ধরা পড়ে। বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে তেলের দর, বিদেশি লগ্নির প্রবাহ এবং কর্পোরেট আয়ের ধারা আগামী দিনে বাজারের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।