দুপুরেই কালো ধোঁয়ায় ঢাকল এজেসি বোস রোড, কী ভাবে আগুন লাগল মল্লিকবাজারের বাড়িতে?

কলকাতার এজেসি বোস রোড সংলগ্ন মল্লিকবাজার এলাকায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বুধবার দুপুরে একটি তিনতলা বাড়িতে আচমকা আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন এবং আগুন নেভানোর কাজ শুরু করে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর পৌনে ১টা নাগাদ ওই তিনতলা ভবনে আগুন নজরে আসে। বাড়িটির নিচের তলায় একটি কাপড়ের গুদাম রয়েছে এবং উপরের দুই তলায় আবাসিকরা থাকেন। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই দ্রুততার সঙ্গে উপরের তলা থেকে বাসিন্দাদের নিরাপদে বাইরে বের করে আনা হয়।

প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দাদের ধারণা, নিচের তলার কাপড়ের গুদাম থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটল, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

মল্লিকবাজারের এই বহুতলটির চারপাশ বেশ ঘিঞ্জি হওয়ায় দমকলকর্মীদের কাজ করতে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে। কাজ এগোতে দেরি হলে আশপাশে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হতে পারে, যা বড়সড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। সেই পরিস্থিতি এড়াতেই দমকল আধিকারিকেরা তৎপরতা বাড়িয়ে চারপাশ ঘিরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *