বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ! ২৭ নভেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ মিলন প্রধানকে

বিপদ বাড়ল মিলন প্রধানের। অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ল না নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের। বরং তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ।

জানা গিয়েছে, কংগ্রেস নেতা মিলন প্রধান আত্মসমর্পণ না করেই জামিনের আবেদন করায় অসন্তোষ প্রকাশ করেছে আদালত। আগামী ২৭ নভেম্বরের মধ্যে তাঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এর পর পরবর্তী সময়ে মিলন প্রধান রেগুলার বেঞ্চে জামিনের আবেদন করতে পারবেন।

প্রসঙ্গত, নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মিলন প্রধান। নির্বাচনের ঠিক আগে তাঁর গ্রেফতারিকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। সে সময় কংগ্রেস প্রার্থীর পাশে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। মিলন প্রধান ২০০৭ সালের নন্দীগ্রাম জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, দাঙ্গা ও বেআইনি জমায়েতের মতো একাধিক অভিযোগ রয়েছে। ২০২১ সালে কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলাগুলি পুনরায় সচল হয়।

গ্রেফতারির পর বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। গত ৭ অক্টোবর রাজ্যের করা মামলাটি শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টেই ফেরত পাঠায় এবং হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করেনি। এর আগে গত ২০ অক্টোবর কলকাতা হাইকোর্ট মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের মেয়াদ ২৫ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছিল। জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনের শুনানিতেই আজ হাইকোর্ট আগামী ২৭ নভেম্বরের মধ্যে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *