সারারাত দেহের পাশে বসে থেকে সকালে থানায় আত্মসমর্পণ! হিঞ্জেওয়াড়িতে নৃশংস ঘটনা

পুণের এক মহিলা পিজি (PG)-তে তরুণীকে পিটিয়ে খুনের ঘটনায় নতুন মোড় এসেছে। অভিযুক্ত যুবকের সঙ্গে তরুণীর কোনও প্রেমের সম্পর্ক ছিল না বলে দাবি করেছে মৃতার পরিবার; পাশাপাশি অভিযুক্তের ফাঁসির দাবিও জানিয়েছে তারা।

পুলিশ জানিয়েছে, সোমবার ভোরে পুণের হিঞ্জেওয়াড়ি এলাকায় নিজের পিজি-তে খুন হন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোমল দাহালে। তিনি উইপ্রো (Wipro) সংস্থায় কাজ করতেন। অভিযোগ, তাঁর পরিচিত শুভমই তাঁকে খুন করেছে। রাত ৩টে নাগাদ পিজি-র ঘরে দু’জনের মধ্যে ঝগড়া শুরু হয়; শুভম অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছে বলে সন্দেহ করতেন কোমল, তা নিয়েই কথা কাটাকাটি বাধে।

মারধরের পর সারারাত দেহের পাশে বসেছিল অভিযুক্ত

রাগের মাথায় কোমলকে বেধড়ক মারধর করে শুভম। মাথায় ও ঘাড়ে কিল, ঘুষি এবং লাথি মারা হয় এবং তাতেই কোমলের মৃত্যু হয়। এরপর সারারাত দেহের পাশেই বসে ছিল অভিযুক্ত; পরদিন সকালে থানায় গিয়ে নিজেই সব কথা জানায় সে।

পিজি-র নিরাপত্তা ও মালিকের বিরুদ্ধে প্রশ্ন পরিবারের

কোমলের পরিবারের দাবি, খুনের ঘটনার পরেই তাঁরা প্রথম শুভমের নাম শুনেছেন। শুভমের সঙ্গে কোমলের প্রেমের সম্পর্ক বা বিয়ের পরিকল্পনার কথাও পুরোপুরি অস্বীকার করেছেন তাঁরা। সেই সঙ্গে রাত ১টা নাগাদ একজন ছেলে কীভাবে মেয়েদের পিজি-তে ঢুকল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্যরা।

মৃতার পরিবারের এক সদস্য অক্ষয় ইঙ্গলে বলেন, “পিজি মালিকের কাছে আমাদের বড় প্রশ্ন, রাত ১টায় একটা ছেলে কীভাবে মেয়েদের পিজি-তে ঢুকল? সিসিটিভি ক্যামেরায় কী ধরা পড়েছে? ওই আবাসে ১০০ জনেরও বেশি মেয়ে থাকেন, তা সত্ত্বেও কেউ চিৎকার শুনতে পেলেন না কেন?”

আসল ঘটনা আড়াল করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন অক্ষয়। পিজি মালিকের বিরুদ্ধে এখনও কেন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, সেই প্রশ্নও তুলেছেন তিনি। তাঁর কথায়, “পিজি মালিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে, যাতে আর কোনও মেয়ের কোমলের মতো দশা না হয়।” দ্রুত বিচারের জন্য ফাস্ট-ট্র্যাক আদালতে মামলা চালানো এবং অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছে কোমলের পরিবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *