এবার তিনবার দীপাবলি পালন হল’! গঙ্গার ঘাটে গিয়ে কী বললেন বিধায়ক বিজয় ওঝা?

রাজ্যে পালাবদলের পর কলকাতায় প্রথমবার ধুমধাম করে পালিত হচ্ছে দেব দীপাবলি। মঙ্গলবার হাজার হাজার প্রদীপের আলোয় আলোকিত হল কলকাতার উত্তর থেকে দক্ষিণের গঙ্গাতীর। বাগবাজার, নিমতলা, জগন্নাথ ঘাট, বাজা কদমতলা ঘাটে মহিলারা পূজার্চনার পাশাপাশি প্রদীপ জ্বালান এবং অনেকেই প্রদীপ ভাসান গঙ্গায়।
প্রতি বছর দীপাবলির ১৫ দিন পর কার্তিক পূর্ণিমার দিন দেব দীপাবলি উদযাপিত হয়। কথিত আছে, কার্তিক পূর্ণিমার রাতে দেবদেবীরা মর্ত্যে নেমে গঙ্গা স্নান করেন।
ঘাটে ঘাটে নেতা-মন্ত্রীদের উপস্থিতি
মঙ্গলবার দেব দীপাবলি উদযাপনে বাজা কদমতলা ঘাটে হাজির ছিলেন মন্ত্রী অজয় কুমার পোদ্দার। তিনি বলেন, “অন্যবারের তুলনায় এবার বড় করে এই রাজ্যে তথা কলকাতায় পালিত হচ্ছে দেব দীপাবলি।”
অন্যদিকে, জগন্নাথ ঘাটে যান জোড়াসাঁকোর বিজেপি বিধায়ক বিজয় ওঝা। তাঁর কথায়, “এবার রাজ্যের মানুষ তিনবার দীপাবলি উৎসব পালন করল। ৪ মে ভোটের ফলপ্রকাশ, তারপর দীপাবলি আর আজ। সুষ্ঠভাবে ধর্মাচার পালন করছেন অসংখ্য মানুষ।”