৪ ডিসেম্বরের মধ্যে জানাতে হবে নম্বর ও র‍্যাঙ্ক: এমবিবিএস ভর্তির অভিযোগে কড়া নির্দেশ হাইকোর্টের

মেডিক্যাল কলেজগুলোতে ডোনার বা ট্রাস্ট কোটা এবং সেন্ট্রাল পুল কোটায় অর্থের বিনিময়ে এমবিবিএস (MBBS)-এ ভর্তি নেওয়ার অভিযোগ উঠেছে। ২০২৬–২৭ শিক্ষাবর্ষে ডোনার বা ট্রাস্ট কোটায় ভর্তি হওয়া প্রার্থীদের নিয়োগ বাতিল এবং অনলাইন পোর্টালের বাইরে সমস্ত এমবিবিএস বা বিডিএস (BDS)-এ ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ২০২৬ সালের সর্বভারতীয় নিট-ইউজি (NEET-UG) উত্তীর্ণ এক প্রার্থী।

আবেদনকারীর অভিযোগ, গত ১১ অগস্ট বিজ্ঞপ্তি দিয়ে কাউন্সেলিং কমিটি অফলাইনে আসন বণ্টনের অনুমতি দিয়েছে। তার ফলে মেডিক্যালে ভর্তির ক্ষেত্রে বেআইনি আর্থিক লেনদেন হচ্ছে বলে দাবি করা হয়েছে। মঙ্গলবার এই মামলার শুনানি হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে।

বিচারপতির প্রশ্ন ও রিপোর্ট তলব

শুনানিতে বিচারপতি প্রশ্ন তোলেন, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সেলিং কমিটি অনলাইন কাউন্সেলিং প্রক্রিয়া ছাড়াই সরকারি মেডিক্যাল কলেজগুলোতে কীভাবে ডোনার বা ট্রাস্ট কোটা এবং সেন্ট্রাল পুল কোটায় ভর্তি নিচ্ছে। তিনি এ বিষয়ে রিপোর্ট তলব করেছেন।

ন্যাশনাল মেডিক্যাল কমিশন এবং রাজ্য মেডিক্যাল কাউন্সেলিং কমিটিকে আগামী ৪ ডিসেম্বরের মধ্যে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে রিপোর্ট জমা দিতে হবে। ওই রিপোর্টে কাউন্সেলিং কমিটিকে সংশ্লিষ্ট কোটায় ভর্তি হওয়া প্রার্থীদের বিস্তারিত তথ্য, নম্বর এবং র‍্যাঙ্ক জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।

আদালতে সওয়াল ও কড়া মন্তব্য

উল্লেখ্য, কাউন্সেলিং ছাড়া সমস্ত মেডিক্যাল প্রতিষ্ঠানে নিট-ইউজি-তে ভর্তির ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। সেই কারণেই মেডিক্যাল কাউন্সেলিং কমিটির পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হয়। শুনানি চলাকালীন আবেদনকারীর আইনজীবী ফিরদৌস শামিম সওয়াল করেন, ১১ অগস্ট বিজ্ঞপ্তি দিয়ে অফলাইনে আসন বণ্টনের অনুমতি দিয়েছে কাউন্সেলিং কমিটি এবং টাকার বিনিময়ে পদ বা আসন বিক্রি করা হয়েছে।

রাজ্য মেডিক্যাল কাউন্সেলিং কমিটিকে কড়া ভাষায় প্রশ্ন করেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি জানতে চান, “আপনারা কীভাবে প্রার্থী নিচ্ছেন? নির্দিষ্ট নিয়ম মেনেই কি ভর্তি প্রক্রিয়া চলছে? অন্তত যোগ্য প্রার্থীকে ভর্তি নেওয়া হোক।” এখনও পর্যন্ত কাদের ভর্তি নেওয়া হয়েছে, তাঁদের বিস্তারিত তথ্য রিপোর্ট দিয়ে জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *