মতুয়া মহাসংঘে ফের আলাদা মঞ্চ! সুব্রতর কমিটিতেও মুখ্যমন্ত্রীর নাম, ঠাকুরনগরে শুরু জোর চর্চা

“ঠাকুরবাড়িকে ভাগ করতে দেব না!”—চলতি মাসের শুরুতে ঠাকুরনগরে এসে এমন মন্তব্যই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সেই মন্তব্যের ২৩ দিনের মাথায় মতুয়া বাড়ির দুই ভাই শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুরের দু’টি আলাদা কমিটির ঘোষণা ঘিরে ফের বিভাজনের প্রশ্ন উঠতে শুরু করেছে।
তবে দুই ভাইয়ের কমিটিরই প্রধান সেবায়েত মঞ্জুল কৃষ্ণ ঠাকুর দাবি করেছেন, “আমাদের ঠাকুরবাড়িতে কোনও বিভাজন নেই। আমরা সকলে এক।” অন্যদিকে, সুব্রত ঠাকুরের যুক্তি, কোটি কোটি মতুয়া ভক্তকে আরও ভালোভাবে পরিষেবা দিতেই দু’টি কমিটি।
ঠাকুরবাড়ির অন্দরে পুরনো ফাটল ও নতুন সমীকরণ
তৃণমূল জামানায় ঠাকুরবাড়ির অন্দরে ফাটল তৈরি হয়েছিল এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের দু’টি কমিটি গড়ে উঠেছিল। একটির নেতৃত্বে ছিলেন মমতা ঠাকুর, অন্যটির প্রধান ছিলেন শান্তনু ও সুব্রত ঠাকুর। ২০২৫ সালে শান্তনু ও সুব্রতর মধ্যে দূরত্ব প্রকাশ্যে আসে এবং আলাদা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ঘোষণা করেন সুব্রত ঠাকুর। এর ফলে ঠাকুরবাড়িতে একই নামের তিনটি সংগঠন তৈরি হয়।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ১ নভেম্বর ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এসে অনুষ্ঠান মঞ্চ থেকে বিভাজন ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। সেই মঞ্চ থেকেই তিনি জানান, ঠাকুরবাড়িকে ভাগ করতে দেবেন না। তাতে মতুয়াদের একাংশের মধ্যে দুই ভাইয়ের ঐক্যের আশা তৈরি হলেও মুখ্যমন্ত্রীর মন্তব্যের ২৩ দিনের মাথায় আলাদা কমিটির ছবি সামনে এল।
রাস উৎসবে দু’টি আলাদা মঞ্চ
প্রতি বছরের মতো এবারও রাস উৎসব উপলক্ষে ঠাকুরবাড়িতে মতুয়া সম্মেলন ও অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কমিটির পুনর্নবীকরণ হয়। এদিন শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ঠাকুরবাড়ির নাটমন্দিরে অনুষ্ঠানের আয়োজন করে। অন্যদিকে, সুব্রত ঠাকুর তাঁর ঘরের সামনে আলাদা অনুষ্ঠানের আয়োজন করেন।
দুই অনুষ্ঠান মঞ্চেই উপস্থিত ছিলেন শান্তনু ও সুব্রতর বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। শান্তনু ঠাকুরের মঞ্চ থেকে কমিটির সংঘাধিপতি হিসেবে শান্তনুর নাম ঘোষণা করেন তিনি। পরে সুব্রত ঠাকুরের মঞ্চ থেকে সংঘাধিপতি হিসেবে সুব্রত ঠাকুরের নাম ঘোষণা করেন মঞ্জুল কৃষ্ণ। বাকি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সুব্রত ঠাকুর। তাঁর কমিটিতে উপদেষ্টা মণ্ডলীতে রাখা হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। এ ছাড়া অসীম সরকার, অসীম বিশ্বাস, বঙ্কিম ঘোষ-সহ একাধিক বিধায়কও রয়েছেন বলে জানানো হয়েছে।
‘আমরা এক’ বলছেন বাবা, কী বক্তব্য সুব্রতর?
দুই ভাইয়ের আলাদা কমিটি প্রসঙ্গে বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর বলেন, “আমাদের ঠাকুরবাড়িতে কোনও বিভাজন নেই, আমরা সকলেই এক। এক হয়ে মতুয়াদের উন্নয়নে কাজ করছি। যারা বিভাজনের কথা বলে তারা বেশিদিন টিকতে পারে না।”
অন্যদিকে, সুব্রত ঠাকুরের দাবি, “সারা ভারতবর্ষে আমাদের ৫ থেকে ৬ কোটি মতুয়া ভক্ত রয়েছে। সংগঠন দু’টো হলে ভালো হয়। আরও বেশি করে ভক্তদের কাছে সাংগঠনিকভাবে পৌঁছনো যায়, সুন্দরভাবে তাদের সমস্ত পরিষেবা দেওয়া যায়।” সুব্রতর কমিটিতে শুভেন্দু অধিকারীর থাকা প্রসঙ্গে তিনি জানান, বিরোধী দলনেতা থাকাকালীনও শুভেন্দু কমিটিতে ছিলেন এবং পরামর্শ দিয়েছেন; এখন তিনি মুখ্যমন্ত্রী, এবারও কমিটিতে আছেন।