১৬ এপ্রিল থেকেই শুরু চিনা স্যাটেলাইটের অস্বাভাবিক তৎপরতা! পহেলগাঁও নিয়ে কী জানাল ‘দিগন্তরা’?

গত বছরের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া নৃশংস জঙ্গি হামলার ঘটনায় এবার নতুন ও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সাম্প্রতিক এক মহাকাশ নজরদারি সংক্রান্ত গবেষণায় দাবি করা হয়েছে, পহেলগাঁও হামলার আগে, হামলার দিন এবং পরবর্তী সময়ে চিনের একাধিক ভূ-পর্যবেক্ষণ উপগ্রহ ওই এলাকার ওপর নজরদারি চালানোর জন্য প্রায় ৩৭ বার অস্বাভাবিক ও পূর্বপরিকল্পিতভাবে তাদের কক্ষপথ পরিবর্তন করেছিল।

বেঙ্গালুরু-ভিত্তিক ভারতীয় মহাকাশ নজরদারি সংস্থা ‘দিগন্তরা’ (Digantara)-র একটি স্পেস ডোমেইন অ্যাওয়ারনেস (SDA) বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে। ২০২৫ সালের ১৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে মহাকাশে থাকা ১,৩৩২টি চিনা বস্তুর গতিবিধি খতিয়ে দেখা হয়েছে এই গবেষণায়।

কী উঠে এসেছে রিপোর্টে?

রিপোর্ট অনুযায়ী, ওই সময়কালে চিনের উপগ্রহগুলি স্বাভাবিক কক্ষপথ থেকে সরে এসে পহেলগাঁও এবং সংলগ্ন কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকাগুলির ওপর দিয়ে যাওয়ার সংখ্যা বাড়িয়ে দিয়েছিল। গবেষকদের মতে, এই গতিপথ পরিবর্তন বা ‘ম্যানুভার’ কোনও আকস্মিক ঘটনা নয়, বরং অত্যন্ত সুপরিকল্পিতভাবে আগে থেকেই তা নির্ধারণ করা হয়েছিল।

গবেষণার তথ্য বলছে, পহেলগাঁওয়ে ২৬ জন নিরীহ মানুষের মৃত্যুর ছয় দিন আগে—অর্থাৎ ২০২৫ সালের ১৬ এপ্রিল থেকেই মহাকাশে চিনের এই অস্বাভাবিক তৎপরতা শুরু হয়। সেদিন চিনের ‘ইয়াওগান-৩৫ ০১এ’ (Yaogan-35 01A) নামের একটি উপগ্রহ হঠাৎ তার কক্ষপথ বদলে ফেলে, যার ফলে পহেলগাঁওয়ের আকাশের ওপর দিয়ে সেটির প্রদক্ষিণ করার সংখ্যা দ্বিগুণ হয়ে যায়।

নথিতে এটি ভূ-পর্যবেক্ষণ উপগ্রহ হিসেবে চিহ্নিত হলেও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এটি মূলত ‘সিগন্যালস ইন্টেলিজেন্স’ (SIGINT) এবং ‘ইলেকট্রনিক ইন্টেলিজেন্স’ (ELINT)-এর কাজে ব্যবহৃত হয়। এর মাধ্যমে মাটির রেডিও ফ্রিকোয়েন্সি ও ইলেকট্রোম্যাগনেটিক সংকেত ধরে সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহ করা সম্ভব।

হামলার দিন ও পরের তৎপরতা

শুধু হামলার আগে নয়, ২২ এপ্রিল হামলার দিনও চিনা উপগ্রহগুলির সক্রিয়তা ধরা পড়েছে। পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় জঙ্গি হামলার প্রায় এক ঘণ্টা পর—বিকেল ৫টা ১৪ মিনিট এবং ৫টা ৫৯ মিনিটে ‘ইয়াওগান-৩৯’ সিরিজের দুটি উপগ্রহ ‘ইয়াওগান-৩৯ ০১বি’ এবং ‘ইয়াওগান-৩৯ ০১সি’ পরপর তাদের কক্ষপথ পরিবর্তন করে, যা ওই অঞ্চলে নজরদারির পরিসর আরও বাড়িয়ে দেয়।

হামলার পরেও এই তৎপরতা অব্যাহত ছিল বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ২৯ এপ্রিল লো আর্থ অরবিটে (LEO) থাকা চিনা উপগ্রহগুলি ৩৭ বার এবং ৩০ এপ্রিল ৩১ বার কক্ষপথ বদল করে। এর ফলে পহেলগাঁওয়ের পাশাপাশি শ্রীনগর, গুলমার্গ, সোনমার্গ এবং জম্মুর স্পষ্ট ও বিস্তারিত ছবি তোলার সুযোগ তৈরি হয়েছিল বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *