চাপ সৃষ্টি ও ‘বি-টিম’ তত্ত্ব”—পঞ্চায়েত ভাঙন নিয়ে বিস্ফোরক তৃণমূল, পাল্টা কী দাবি NCPI-র?

পঞ্চায়েত স্তরে শাসকদল তৃণমূলের অন্দরে ভাঙন অব্যাহত রয়েছে বলে দাবি রাজনৈতিক মহলে। মঙ্গলবার চোপড়া পঞ্চায়েত সমিতির মোট ২৪টি আসনের মধ্যে ১৯ জন সদস্য তৃণমূল ছেড়ে এনসিপিআই (NCPI)-এ যোগ দিয়েছেন। দলবদলকারীদের মধ্যে রয়েছেন চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি কণিকা ভৌমিক এবং সহ-সভাপতি ফজলুল হক। এদিন এনসিপিআই-এর সর্বভারতীয় সভাপতি জ্যোতি প্রকাশ চট্টোপাধ্যায়ের হাত থেকে তাঁরা দলীয় পতাকা গ্রহণ করেন।

সংশ্লিষ্ট মহলের দাবি, উত্তর দিনাজপুরের ইসলামপুর, গোয়ালপোখর থেকে শুরু করে উত্তর ২৪ পরগনার মিনাখাঁ, সন্দেশখালি—একাধিক এলাকায় নিচুতলায় তৃণমূলকে ভাঙিয়ে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির দখল নেওয়ার চেষ্টা করছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-এর শরিক এই দল।

দলবদল ও সাংগঠনিক তৎপরতা প্রসঙ্গে এনসিপিআই-এর মুখপাত্র অনুরাগ সিং বলেন, “পুরো বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় আমরা বোর্ড গঠন করতে পেরেছি। পঞ্চায়েতে বোর্ড গঠন করতে পেরেছি। আগামী দিনে আমরা আরও বোর্ড গঠন করতে চলেছি।”

অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতরও শুরু হয়েছে। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ অভিযোগ করেছেন যে পঞ্চায়েত স্তরের নেতাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং এনসিপিআই বিজেপির ‘বি-টিম’ হিসেবে কাজ করছে। তবে এনসিপিআই নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করে এনডিএ-র উন্নয়নের শরিক হওয়ার কথা তুলে ধরেছে এবং তৃণমূলের সাংগঠনিক অবস্থার বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ উল্লেখ করেছে।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *