৫০ শতাংশের বেশি মানুষ জানেনই না! HPV সংক্রমণ রুখতে ছেলে-মেয়ে উভয়ের টিকায় বড় বার্তা

হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা HPV (Human Papillomavirus)-এর সংক্রমণ প্রতিরোধে সাধারণত মেয়েদের টিকাকরণের ওপরই বেশি গুরুত্ব দেওয়া হয়। বিশেষত জরায়ুমুখের ক্যানসার (Cervical Cancer) ঠেকাতে এই টিকার প্রয়োজনীয়তা নিয়েই বেশি আলোচনা হয়। কিন্তু চিকিৎসকদের মতে, HPV টিকা শুধু মেয়েদের জন্য নয়, ছেলেদের ক্ষেত্রেও সমান গুরুত্বপূর্ণ; কারণ এই ভাইরাসের সংক্রমণ নারী ও পুরুষ উভয়েরই হতে পারে।
শুধু জরায়ুমুখের ক্যানসার নয়, পেনাইল ক্যানসার, মুখগহ্বরের ক্যানসার, অ্যানাল ক্যানসার এবং যৌনাঙ্গে আঁচিল বা জেনিটাল ওয়ার্টস (Genital Warts)-এর মতো সমস্যার সঙ্গেও HPV সংক্রমণের যোগ রয়েছে। তাই সংক্রমণের ঝুঁকি কমাতে ছেলে ও মেয়ে উভয়েরই টিকাকরণ প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
কেন ছেলেদেরও HPV টিকা জরুরি?
স্ত্রীরোগ বিশেষজ্ঞ পর্ণমিতা ভট্টাচার্য বলেন, “HPV ভ্যাকসিন মূলত ছেলে-মেয়ে উভয়ের জন্যই। এর দু’টি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, মেয়েদের ক্ষেত্রে সার্ভাইক্যাল ক্যানসার প্রতিরোধে এই টিকার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার্ভাইক্যাল ক্যানসার মূলত হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণের সঙ্গে সম্পর্কিত। আর HPV একটি যৌনবাহিত সংক্রমণ। ফলে এই সংক্রমণ শুধু মেয়েদের নয়, ছেলেদেরও হতে পারে। কোনো সংক্রমণ প্রতিরোধ করতে হলে উভয়কেই টিকাকরণের আওতায় আনা প্রয়োজন। দু’জন সঙ্গীই টিকা নিলে সংক্রমণের আশঙ্কা কমে। তার ফলে মেয়েদের সার্ভাইক্যাল ক্যানসারের ঝুঁকিও কমানো সম্ভব।”
তিনি আরও বলেন, “HPV ভাইরাস শুধু সার্ভাইক্যাল ক্যানসারেরই কারণ নয়। এর কারণে হেড অ্যান্ড নেক ক্যানসার (Head and Neck Cancer), মুখগহ্বরের ক্যানসার, ছেলেদের পেনাইল ক্যানসার এবং ছেলে-মেয়ে উভয়ের অ্যানাল ক্যানসার হতে পারে। এ ছাড়াও প্রি-ক্যানসারাস লেশন এবং জেনিটাল ওয়ার্টসের মতো সমস্যাও দেখা যায়। তাই ছেলেদের HPV টিকা দিলে তাঁদেরও এই ধরনের ক্যানসার ও সংক্রমণের ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়া সম্ভব। সেই কারণেই ছেলেদের ক্ষেত্রেও এই টিকা সমান গুরুত্বপূর্ণ।”
সংক্রমণের শৃঙ্খল ভাঙতে ‘জেন্ডার নিউট্রাল’ টিকাকরণ
শিশুরোগ বিশেষজ্ঞ প্রভাস প্রসূন গিরিও ছেলেদের HPV টিকাকরণের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাঁর কথায়, “এখন HPV টিকাকরণের ক্ষেত্রে জেন্ডার নিউট্রাল (Gender Neutral) পদ্ধতির সুপারিশ করা হচ্ছে। অর্থাৎ ছেলে-মেয়ে নির্বিশেষে প্রত্যেকেরই এই টিকা নেওয়া প্রয়োজন। মেয়েদের ক্ষেত্রে কেন এই টিকা দেওয়া হয়, তা অনেকেই জানেন। কিন্তু ছেলেদের ক্ষেত্রেও এর প্রয়োজনীয়তা রয়েছে। বিশেষ করে নতুন ননাভ্যালেন্ট (Nonavalent) HPV ভ্যাকসিন ভাইরাসের ন’টি সেরোটাইপের বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে।”
তিনি আরও বলেন, “টিকা ছেলেদের ক্ষেত্রে পেনাইল ক্যানসার, মুখগহ্বরের কিছু ক্যানসার এবং অ্যানাল ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। পাশাপাশি জেনিটাল ওয়ার্টস বা যৌনাঙ্গে আঁচিল হওয়ার ঝুঁকিও কমায়। HPV মেয়েদের সার্ভাইক্যাল ক্যানসারের অন্যতম প্রধান কারণ। কিন্তু ছেলেদের শরীরে জরায়ুমুখ না থাকলেও তাঁরা এই ভাইরাসের বাহক হতে পারেন। অনেক সময় পুরুষদের কাছ থেকেই মহিলাদের শরীরে এই সংক্রমণ পৌঁছয়। যতক্ষণ না পুরুষদের শরীরে এই ভাইরাসের সংক্রমণ কমানো যাচ্ছে, ততক্ষণ সংক্রমণের শৃঙ্খল পুরোপুরি ভাঙা সম্ভব নয়। তাই ছেলেদের টিকাকরণের তিনটি প্রধান উদ্দেশ্য রয়েছে। প্রথমত, তাঁদের মধ্যে HPV-সম্পর্কিত ক্যানসারের ঝুঁকি কমানো। দ্বিতীয়ত, জেনিটাল ওয়ার্টস প্রতিরোধ করা। তৃতীয়ত, ভাইরাসের বাহক হিসেবে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা কমানো।”
বয়স ও ডোজের নির্দেশিকা
টিকাকরণের বয়স প্রসঙ্গে প্রভাস প্রসূন গিরি জানান, “আমাদের দেশের নির্দেশিকা অনুযায়ী, ৯ থেকে ১৪ বছর বয়সের মধ্যে HPV টিকা নেওয়া হলে একটি বা দু’টি ডোজের প্রয়োজন হতে পারে। ১৪ বছরের পর টিকাকরণের ক্ষেত্রে ডোজের সংখ্যা আলাদা হয়। তবে ১৫ বছরের ঊর্ধ্বে ছেলেদের টিকাকরণ নিয়ে দেশের নির্দেশিকা এবং বিদেশের নির্দেশিকার মধ্যে পার্থক্য রয়েছে। আমেরিকার সিডিসি (CDC)-র নির্দেশিকা অনুযায়ী, ২৬ বছর বয়স পর্যন্ত ছেলে-মেয়ে নির্বিশেষে HPV টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।”
সচেতনতার অভাব দূর করার তাগিদ
তবে সাধারণ মানুষের মধ্যে এই বিষয়ে সচেতনতার ঘাটতির কথাও তুলে ধরেছেন পর্ণমিতা ভট্টাচার্য। তাঁর কথায়, “এত সচেতনতা শিবির, এত প্রচারের পরেও HPV ভ্যাকসিন সম্পর্কে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। এখনও ৫০ শতাংশের বেশি মানুষকে জিজ্ঞাসা করলে দেখা যায়, তাঁরা এই টিকার কথা শোনেননি। আর ছেলেদের এই টিকা দেওয়া যায় কি না, সেই প্রশ্ন করলে অনেকেই জানান, তাঁরা জানতেনই না যে ছেলেদেরও HPV টিকা দেওয়া সম্ভব। কেন ছেলেদের এই টিকা প্রয়োজন, সে সম্পর্কেও অধিকাংশ মানুষের ধারণা নেই। সচেতনতার এই অভাব দূর করা অত্যন্ত জরুরি।”