ব্যবসায়িক নিয়মে বড় বদল, বাড়ছে চিকিৎসা ভাতা! মন্ত্রিসভার বৈঠকে কোন ৮টি বিলে সিলমোহর?

আগামী ৪ থেকে ১৪ ডিসেম্বর বসতে চলেছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। সেই অধিবেশনেই আটটি বিল আনার প্রস্তাবে সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, “ক্যাবিনেট মিটিংয়ে কতগুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। প্রথমত আগামী ৪ থেকে ১৪ ডিসেম্বর বসতে চলেছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। এই অধিবেশনে আটটি বিল আনা হচ্ছে। তার অনুমোদন রাজ্য মন্ত্রিসভা দিয়েছে। এরপরে রাজ্যপালের কাছে যাবে।”
কোন কোন দফতরের বিল আসছে?
মন্ত্রিসভার অনুমোদিত বিলগুলোর তালিকায় একাধিক দফতরের সংশোধনী ও বিধি রয়েছে:
-
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর: আনা হচ্ছে ১৯৭৩ সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনের সংশোধনী বিল।
-
ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দফতর: পেশ করা হবে ‘ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস থার্ড অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’ (West Bengal Land Reforms Third Amendment Bill 2026)।
-
এমএসএমই ও বস্ত্র দফতর: আনা হচ্ছে ‘ওয়েস্ট বেঙ্গল ইজ অফ ডুয়িং বিজনেস বিল ২০২৬’ (West Bengal Ease of Doing Business Bill 2026), যার মধ্যে থাকছে ‘ওয়েস্ট বেঙ্গল জন বিশ্বাস অ্যামেন্ডমেন্ট প্রভিশন বিল ২০২৬’ (West Bengal Jan Vishwas Amendment Provision Bill 2026)।
-
গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দফতর: একটি বিল আনা হচ্ছে।
-
অর্থ দফতর: পেশ করা হবে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল সেল ট্যাক্স সেটেলমেন্ট ডিসপিউট অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’ (The West Bengal Sale Tax Settlement Dispute Amendment Bill 2026)।
সারারাত দোকান খোলা ও চিকিৎসা ভাতা বৃদ্ধি
শ্রম দফতরের একাধিক সংস্কারের প্রস্তাবও রয়েছে এই তালিকায়। মুখ্যমন্ত্রীর কথায়, “লেবার ডিপার্টমেন্টের দুটো অ্যামেন্ডমেন্ট বিল রয়েছে। তার মধ্যে একটি ওয়েস্ট বেঙ্গল শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যামেন্ডমেন্ট বিল (West Bengal Shops and Establishment Amendment Bill) অর্থাৎ কোনো দোকানদার চাইলে সারারাতই দোকান খোলা রাখতে পারবেন।” এই দফতরের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ‘ওয়েস্ট বেঙ্গল অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন রুলস’ (West Bengal Occupational Safety, Health and Working Conditions Rules)।
আরেকটি বিলে প্রাক্তন বিধায়ক ও সেবাকেন্দ্র সংক্রান্ত বিষয় যুক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, “প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা ৬ হাজারের জায়গায় বাড়িয়ে ১০ হাজার টাকা করা হচ্ছে। এই বিলও আনা হবে।”
এ ছাড়া স্বরাষ্ট্র ও পার্বত্য দফতরের সরাই লাইসেন্স বাতিল সংক্রান্ত বিষয়ও রয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, “হোম অ্যান্ড হিল ডিপার্টমেন্ট (Home and Hill Department) থেকে সরাই লাইসেন্স রিপিলিংয়ের (Repealing) বিষয় রয়েছে।”
পরবর্তী ধাপ
মন্ত্রিসভার সবুজ সংকেত পাওয়ার পর বিলগুলো রাজ্যপালের অনুমোদনের জন্য যাবে। এরপর শীতকালীন অধিবেশনে বিধানসভায় সেগুলো পেশ করা হবে। প্রশাসনিক কাজকর্ম ও ব্যবসার পরিবেশ সহজ করতে এই বিলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।