PF অ্যাকাউন্টের টাকা এবার হাতের মুঠোয়! কীভাবে কাজ করবে UPI সুবিধা, কত টাকা তোলা যাবে?

পিএফ (PF) অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য শীঘ্রই আসতে চলেছে বড় সুখবর। এবার নিজেদের PF অ্যাকাউন্ট থেকে ইউপিআই (UPI)-এর মাধ্যমে টাকা তোলার সুবিধা পাবেন সদস্যরা। জানা গিয়েছে, আগামী ডিসেম্বর ২০২৬ থেকেই চালু হতে পারে এই নতুন পরিষেবা। একটি রিপোর্ট অনুযায়ী, এই ব্যবস্থা চালুর জন্য সমস্ত প্রযুক্তিগত ট্রায়াল ইতিমধ্যেই শেষ হয়েছে এবং ট্রায়ালের সময় যে সমস্যাগুলো সামনে এসেছিল, সেগুলোও মিটিয়ে ফেলা হয়েছে।
ভিম অ্যাপে দেখা যাবে সর্বোচ্চ সীমা ও ব্যালেন্স
নতুন ব্যবস্থায় ইপিএফও (EPFO) সদস্যরা ভিম (BHIM) অ্যাপে দেখতে পারবেন, তাঁদের PF অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ কত টাকা তোলা সম্ভব। টাকা তোলার পর একই অ্যাপের মাধ্যমে PF অ্যাকাউন্টে কত ব্যালেন্স রয়েছে, তাও যাচাই করা যাবে।
PF অ্যাকাউন্ট হোল্ডারদের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা ইউএএন (UAN) যুক্ত করা হবে UPI ID-এর সঙ্গে। তবে এই সুবিধার জন্য অ্যাকাউন্ট হোল্ডারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট EPFO রেকর্ডে ভেরিফায়েড এবং লিঙ্ক করা থাকা বাধ্যতামূলক। রিপোর্ট অনুযায়ী, মোট EPF ব্যালেন্সের ৭৫ শতাংশ পর্যন্ত টাকা UPI-এর মাধ্যমে তোলা যেতে পারে। যদিও এ বিষয়ে EPFO-এর তরফে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
ন্যূনতম ব্যালেন্সের সীমায় বদল ও ৯০ শতাংশের সম্ভাবনা
গত ১৯ নভেম্বর অনুষ্ঠিত EPFO-এর বোর্ড বৈঠকে অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার সীমা ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে সদস্যদের আংশিক টাকা তোলার সীমা ৭৫ শতাংশ থেকে বেড়ে ৯০ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে বলে মনে করা হচ্ছে।
সহজ হল আংশিক টাকা তোলার নিয়ম
গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে EPFO আংশিক টাকা তোলার পুরনো ১৩টি নিয়মকে সহজ করে তিনটি প্রধান ভাগে ভাগ করেছে। এগুলো হলো ‘জরুরি প্রয়োজন’, ‘বাড়ি সংক্রান্ত প্রয়োজন’ এবং ‘বিশেষ পরিস্থিতি’।
নতুন নিয়মে শিক্ষার ক্ষেত্রে ১০ বার এবং বিয়ের ক্ষেত্রে ৫ বার PF থেকে টাকা তোলার সুযোগ মিলবে; আগে এই দুই ক্ষেত্রে সর্বোচ্চ ৩ বার করে টাকা তোলা যেত। পাশাপাশি আংশিক টাকা তোলার জন্য ন্যূনতম চাকরির মেয়াদ ১২ মাস ঠিক করা হয়েছে এবং অ্যাডভান্স ক্লেমের অটো-সেটেলমেন্টের সীমা ৫ লাখ টাকা করা হয়েছে।