হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করেন? বড় সতর্কবার্তা স্বরাষ্ট্র মন্ত্রকের, এই ভুলেই ফাঁকা হতে পারে তথ্য!

হোয়াটসঅ্যাপ ওয়েব (WhatsApp Web) ব্যবহারের ক্ষেত্রে সাইবার নিরাপত্তা নিয়ে বড়সড় সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA)। ব্যক্তিগত ও গোপনীয় তথ্যের অপব্যবহার হতে পারে এমন আশঙ্কায় সাধারণ মানুষকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংবেদনশীল তথ্য আদানপ্রদানের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মন্ত্রক। বিশেষ করে শেয়ার করা বা অন্যের নাগালের মধ্যে থাকা কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব লগইন করে রাখার বিপদ সম্পর্কে সতর্ক করেছে কেন্দ্র।
স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার (I4C)-এর ন্যাশনাল সাইবারক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট (NCTAU) জানিয়েছে, নির্দিষ্ট পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপ ওয়েবের সক্রিয় ও অথেন্টিকেটেড সেশন ব্যবহার করে সাইবার অপরাধীরা কোনো ব্যক্তির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশাধিকার পেতে পারে।
কী কী বিপদের আশঙ্কা?
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, কোনো কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব লগইন অবস্থায় থাকলে সাইবার অপরাধীরা সেই সুযোগ কাজে লাগিয়ে ব্যবহারকারীর ব্যক্তিগত কথোপকথন পড়তে পারে। এমনকী সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় ব্যবহার করে অন্যদের কাছে মেসেজ পাঠানো, কন্ট্যাক্ট লিস্ট ও বিভিন্ন গ্রুপের তথ্য হাতিয়ে নেওয়ার আশঙ্কাও রয়েছে। এই তথ্য ব্যবহার করে প্রতারণা, ফিশিং (Phishing) এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের (Social Engineering) মতো অপরাধ ঘটাতে পারে দুষ্কৃতীরা।
কোথায় ব্যবহার করবেন না, কীভাবে থাকবেন নিরাপদ?
এই পরিস্থিতিতে অফিসের কম্পিউটার, সাইবার ক্যাফে, হোটেলের বিজনেস সেন্টার কিংবা জনসাধারণের ব্যবহারের জন্য রাখা অন্য কোনো কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার না করার পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। পাশাপাশি, হোয়াটসঅ্যাপ ওয়েবে সব সময় লগইন করে না রাখার নির্দেশও দেওয়া হয়েছে। প্রতিবার ব্যবহার শেষে অবশ্যই ম্যানুয়ালি লগ আউট করতে হবে, কারণ শুধুমাত্র ব্রাউজারের ট্যাব বন্ধ করলেই হোয়াটসঅ্যাপ ওয়েবের সেশন বন্ধ হয় না।
এ ছাড়া একান্ত প্রয়োজনে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করতে হলে ইনকগনিটো (Incognito) বা প্রাইভেট ব্রাউজিং (Private Browsing) মোড ব্যবহারের পরামর্শ দিয়েছে সাইবার নিরাপত্তা সংস্থা। তবে এই পদ্ধতিও কেবলমাত্র বিশ্বস্ত কম্পিউটারে ব্যবহার করার কথা বলা হয়েছে। ব্যবহারকারীদের নিজেদের অ্যাকাউন্টের অস্বাভাবিক কার্যকলাপের দিকেও নজর রাখতে বলা হয়েছে— নিজের অজান্তে কোনো মেসেজ পাঠানো হচ্ছে কি না, কিংবা পরিচিতদের কাছ থেকে অস্বাভাবিক কোনো উত্তর আসছে কি না, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
সুরক্ষায় আরও যা মানতে হবে
সাইবার নিরাপত্তা জোরদার করতে কম্পিউটারের অপারেটিং সিস্টেম, ব্রাউজার এবং সিকিউরিটি সফটওয়্যার নিয়মিত আপডেট রাখার কথাও বলা হয়েছে। পাশাপাশি সন্দেহজনক ডাউনলোড, অজানা ফাইল, ক্র্যাকড সফটওয়্যার এবং অবিশ্বস্ত অ্যাপ্লিকেশন ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে সংস্থা।
বিশেষ করে সরকারি ও সংবেদনশীল তথ্য সংক্রান্ত কাজের ক্ষেত্রে অফিসের কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার না করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। সব মিলিয়ে, ডিজিটাল পরিচয় ও ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে ব্যবহারকারীদের সচেতন হওয়া, প্রতিবার ব্যবহারের পর লগ আউট করা এবং অনলাইন কার্যকলাপের ওপর নজর রাখার বার্তা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।