বাসর রাত পেরিয়ে সোজা পরীক্ষা হলে! বিয়ের সাজেই দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিলেন নববধূ, বাইরে অপেক্ষায় বর

আগের দিন আর নেই, যখন বিয়ে হয়ে যাওয়া মানেই মেয়েটির লেখাপড়ায় ইতি পড়ে যেত। এখন সময় অনেক বদলেছে; শহর হোক বা মফস্বল ও গ্রাম—সব জায়গাতেই মেয়েদের শিক্ষার গুরুত্ব নিয়ে সচেতনতা বাড়ছে। বিহারের কাটিহারের একটি পরীক্ষা কেন্দ্রে তেমনই এক অনন্য দৃশ্য দেখা গেল, যা দেখে নতুন বর-বউয়ের প্রশংসায় পঞ্চমুখ সকলে। মাথায় আঁচল ও হাতে মেহেদি পরা কনের সাজে সজ্জিত এক ছাত্রী পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার সময় সবার নজর কাড়েন।

আগের রাতে বিয়ে, পরদিন সকালে পরীক্ষা

ঘটনাটি বিহারের কাটিহার জেলার মণিহারিতে অবস্থিত বিপিএসসি স্কুল পরীক্ষা কেন্দ্রের। সেখানে দ্বাদশ শ্রেণির হিন্দি পরীক্ষা চলছিল। এক নববিবাহিতা কনে তাঁর বরের সঙ্গে পরীক্ষা দিতে কেন্দ্রে আসেন। জানা গিয়েছে, আগের রাতেই ওই দম্পতির বিয়ে সম্পন্ন হয়েছিল। বিয়ের সমস্ত আচার-অনুষ্ঠান শেষ হওয়ার পরদিন সকালেই বর নিজে তাঁর স্ত্রীকে পরীক্ষা দেওয়ার জন্য কেন্দ্রে নিয়ে আসেন।

বাইরে অপেক্ষায় বর, সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড়

স্ত্রী পরীক্ষা কেন্দ্রে ঢুকে পরীক্ষা শুরু করলে, বর বাইরে নিজের গাড়িতে তাঁর ফেরার অপেক্ষায় বসে থাকেন। বিয়ের পরের দিন কনের পরিবারে নানা প্রথাগত আচার-অনুষ্ঠান পালনের কথা থাকলেও, এই দম্পতি সেসবের পাশাপাশি পড়াশোনাকে সমান গুরুত্ব দিয়েছেন। পরীক্ষা শেষ হওয়ার পর স্ত্রীকে নিয়ে গাড়ি করে ফিরে যান স্বামী।

এই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সকলের দৃষ্টি আকর্ষণ করেছে এবং বরের এই সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা। অনেকেই বিষয়টিকে নারীশিক্ষার প্রসারে এক ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন। তাঁদের মতে, বিয়ের পরেও মেয়েদের পড়াশোনা থেমে থাকা উচিত নয়; পরিবার ও জীবনসঙ্গীর সমর্থন পেলে মেয়েরা বিয়ের পরেও নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *