বিদ্যুৎ গেলে ইনভার্টার থেকে অদ্ভুত শব্দ হচ্ছে? বড় বিপদের সংকেত নয় তো!

বাড়িতে ইনভার্টার থাকলে লোডশেডিংয়েও ফ্যান, আলো বা অন্যান্য প্রয়োজনীয় যন্ত্র চালানো যায়। অনেক সময় বিদ্যুৎ চলে যাওয়ার পর ইনভার্টার থেকে নানা ধরনের শব্দ শোনা যায়। কেউ কেউ এই শব্দ স্বাভাবিক ধরে নিয়ে এড়িয়ে যান, আবার কেউ কেউ চিন্তায় পড়ে যান।

আসলে ইনভার্টারের সব শব্দ যে বড় বিপদের ইঙ্গিত দেয়, তা নয়। তবে প্রতিটি শব্দ উপেক্ষা করাও ঠিক নয়। অনেক ক্ষেত্রে এটি যন্ত্রের ভেতরের অংশ বা ব্যাটারির সমস্যার লক্ষণ হতে পারে।

ইনভার্টারের হালকা শব্দ

বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ইনভার্টার থেকে হালকা শব্দ হওয়া সাধারণত স্বাভাবিক। চালু হওয়ার সময় ট্রান্সফর্মার এবং ভেতরের বৈদ্যুতিক অংশের কম্পনে এমন মৃদু শব্দ তৈরি হয়। শব্দ কম থাকলে এবং যন্ত্র ঠিকভাবে চললে চিন্তার কারণ নেই। তবে হঠাৎ শব্দ খুব বেড়ে গেলে যন্ত্রটি পরীক্ষা করানো উচিত।

কুলিং ফ্যানের শব্দ

ইনভার্টার গরম হওয়া ঠেকাতে ভেতরে কুলিং ফ্যান থাকে। বেশি চাপ পড়লে বা ব্যাটারি চার্জ হওয়ার সময় ফ্যানের শব্দ শোনা যায়। কিন্তু ফ্যান থেকে ঘষা লাগার বা ঝনঝন শব্দ এলে ধুলো জমা কিংবা যন্ত্রাংশের গোলযোগের আশঙ্কা থাকে। এমন হলে টেকনিশিয়ানের সাহায্য নেওয়া দরকার।

বারবার টক টক শব্দ কেন হয়?

বিদ্যুৎ গেলে বা এলে ইনভার্টারের রিলে কাজ করার সময় ক্লিক শব্দ হতে পারে। তবে বারবার এই শব্দ হলে ভোল্টেজের ওঠানামা বা ভেতরের কোনো ত্রুটি থাকতে পারে। বিষয়টি অবহেলা না করে দ্রুত পরীক্ষা করানো উচিত।

অতিরিক্ত লোডের কারণে শব্দ

বিদ্যুৎ যাওয়ার পর একসঙ্গে টিভি, ফ্যান, কুলারসহ একাধিক যন্ত্র চালালে ইনভার্টারের ওপর চাপ বাড়ে। তখন বীপিং শব্দ বা ওভারলোডের লক্ষণ দেখা দিতে পারে। বারবার এমন হলে অপ্রয়োজনীয় যন্ত্র বন্ধ রাখতে হবে এবং ক্ষমতার বাইরে লোড দেওয়া যাবে না।

ব্যাটারি থেকে শব্দ

ব্যাটারি থেকে হঠাৎ বুদবুদের মতো শব্দ, অতিরিক্ত গরম হওয়া বা অস্বাভাবিক গন্ধ বের হলে ওভারচার্জ কিংবা অন্য কোনো সমস্যা থাকতে পারে। এ ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি। নিজে ব্যাটারি খোলার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

ইনভার্টার রাখার সঠিক জায়গা

দেওয়ালের গা ঘেঁষে, খসখসে জায়গায় বা জিনিসপত্রের মাঝে রাখলে কম্পনের শব্দ বাড়তে পারে। তাই ইনভার্টার সব সময় শুকনো, পরিষ্কার এবং খোলামেলা বাতাস চলাচল করে এমন জায়গায় রাখা ভালো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *