ঝাড়গ্রামে সাতসকালে লাল ব্যাগ ঘিরে তুমুল বোমাতঙ্ক! ভেতরে কী মিলল?

শহরের ব্যস্ত রাস্তায় পরিত্যক্ত লাল ব্যাগ ঘিরে ছড়াল তীব্র চাঞ্চল্য। সোমবার সাতসকালে কোর্ট রোড এবং জুবিলি মার্কেট রোড সংলগ্ন এলাকায় ব্যাগটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। কাজের দিনে এমন ব্যস্ত এলাকায় পরিত্যক্ত ব্যাগ দেখে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার একপাশে পড়ে থাকা লাল রঙের ব্যাগটিতে চেন দিয়ে ছোট একটি তালা ঝোলানো ছিল। সম্ভাব্য বিপদের আশঙ্কায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। নিরাপত্তার স্বার্থে স্থানীয়দের সেখান থেকে সরে যেতে বলা হয় এবং গার্ডরেল ও ব্যারিকেড দিয়ে গোটা এলাকা ঘিরে ফেলা হয়।

খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। তারা এসে ব্যাগটি খতিয়ে দেখার উদ্যোগ নেয়। প্রাথমিক তথ্যে জানা গেছে, ব্যাগের ভেতরে ধাতু ও কাচ জাতীয় জিনিস মিলেছে। পরবর্তী পদক্ষেপ হিসেবে ব্যাগটি কলাবনীর জঙ্গলে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় বোমা থাকার হুমকি বা ভুয়ো আতঙ্ক ছড়ানোর ঘটনায় প্রশাসনের কড়া নজরদারি রয়েছে। এর আগে দমদমের নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরেও বোমা থাকার ভুয়ো হুমকি মেল এসেছিল। এই ধরনের ভুয়ো তথ্য বা আতঙ্ক ছড়ানোর ঘটনা রুখতে কড়া পদক্ষেপ নেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছিল কেন্দ্র। ঝাড়গ্রামের ঘটনায় প্রকৃত পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ ও বম্ব স্কোয়াড।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *