৯.৫ লাখের গাড়িতে নাখোশ, পণের দাবিতে বিয়ে ভাঙার অভিযোগ দিল্লি পুলিশের কর্মীর বিরুদ্ধে

বিয়ের আসরে পণের দাবিকে কেন্দ্র করে তীব্র অশান্তি এবং শেষ পর্যন্ত কনেকে মণ্ডপে বসিয়ে রেখেই অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত পাত্র পেশায় দিল্লি পুলিশের একজন কনস্টেবল। মনের মতো দামি গাড়ি না পাওয়ায় তিনি বিয়ে করতে অস্বীকার করে চলে যান বলে অভিযোগ তুলেছে কনের পরিবার। ঘটনাটি ঘটেছে গত ২০ নভেম্বর হরিয়ানার সোনিপতের মামচাঁদ ভাটিকা এলাকায়।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কনের বাবা সুভাষ কুমার বর কুলদীপ এবং তাঁর পরিবারের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন। কুলদীপ দিল্লি পুলিশে কর্মরত বলে জানা গিয়েছে। সুভাষ কুমারের অভিযোগ, প্রায় ছয় মাস আগে তাঁর মেয়ে হীনার বিয়ে কুলদীপের সঙ্গে ঠিক হয়েছিল এবং বিয়ের দিন ধার্য হয়েছিল ২০ নভেম্বর। তাঁর দাবি, বিয়ের সম্বন্ধ পাকা হওয়ার পর থেকেই বরের পক্ষ থেকে একের পর এক গাড়ি ও গয়নার দাবি উঠতে শুরু করে।

কনের বাবার বক্তব্য অনুযায়ী, তিনি পাত্রের জন্য আগে থেকেই প্রায় ৯.৫ লক্ষ টাকা মূল্যের একটি হুন্ডাই গাড়ি বুক করে রেখেছিলেন। কিন্তু বিয়ের ঠিক একদিন আগে মধ্যস্থতাকারীদের মারফত তিনি জানতে পারেন যে কুলদীপ ওই গাড়িতে সন্তুষ্ট নন এবং তাঁর পরিবর্তে একটি মারুতি ব্রেজা গাড়ি চান। সুভাষ কুমারের দাবি, কুলদীপের চাওয়া সেই ব্রেজা গাড়িটির দাম ছিল প্রায় ১৩ লক্ষ টাকা। বরের চাহিদা মেটাতে শেষ মুহূর্তে আগের বুকিং বাতিল করে নতুন গাড়ির খোঁজ শুরু করে কনের পরিবার। কিন্তু হাতে সময় খুব কম থাকায় বিয়ের দিনের মধ্যে সেই গাড়ির ব্যবস্থা করা সম্ভব হয়নি।

অভিযোগ শুধু গাড়ির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বলে দাবি করেছেন কনের বাবা। তাঁর কথায়, বরের জন্য দুই তোলা সোনার চেন, বরের মায়ের জন্য চার তোলা সোনার কানের দুল এবং রুপোর নুপুরের ব্যবস্থা করতে রাজি হয়েছিল কনের পরিবার। পাশাপাশি বরের বড় ভাই এবং তাঁর স্ত্রীর জন্যও গয়না চাওয়া হয়েছিল এবং সেই অনুযায়ী গয়নার অর্ডারও দেওয়া হয়েছিল। এ ছাড়া বিয়ে উপলক্ষে প্রায় ১.৩২ লক্ষ টাকা খরচ করে আসবাবপত্রসহ বিভিন্ন গৃহস্থালীর সামগ্রী কেনা হয়েছিল বলে দাবি করেছেন সুভাষ কুমার।

বিয়ের দিন প্রায় ১,২০০ অতিথির আপ্যায়ন ও খাওয়াদাওয়ার ব্যাপক আয়োজন করেছিল কনের পরিবার। কিন্তু অভিযোগ, বিয়ের আসরে পুরো বরযাত্রী দল নিয়ে আসার বদলে কুলদীপ তাঁর মাকে সঙ্গে নিয়ে সাধারণ পোশাকে অনুষ্ঠানস্থলে পৌঁছন এবং সেখানে ব্রেজা গাড়িটি খুঁজতে থাকেন। গাড়িটি দেখতে না পেয়ে দুই পরিবারের মধ্যে তীব্র বচসা শুরু হয় বলে জানা গিয়েছে।

কনের বাবার অভিযোগ, ওই সময় কুলদীপ কনের পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং হীনার ভাই সাহিলের সঙ্গেও বিবাদে জড়ান। আত্মীয়স্বজনরা বারবার হাতজোড় করে কুলদীप ও তাঁর মাকে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করার অনুরোধ করলেও তাঁরা রাজি হননি এবং অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান। সেই সময় বিয়ের সাজে মণ্ডপে বসেছিলেন কনে। বর চলে যাওয়ার পর বহু অতিথি খাবার না খেয়েই ফিরে যান, যার ফলে কনের পরিবার চরম অপমান ও বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়ে বলে দাবি করা হয়েছে। এই ঘটনায় দুই পক্ষ থেকেই ডায়াল ১১২ নম্বরে পুলিশে খবর দেওয়া হয় এবং পরে সুভাষ কুমার থানায় লিখিত অভিযোগ দायर করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *