১৬ বছরের যন্ত্রণা শেষ! দু’বার ব্যর্থ অস্ত্রোপচারের পর নতুন চিকিৎসায় সুস্থ হলেন মহিলা

দীর্ঘ ১৬ বছর ধরে এক জটিল ও যন্ত্রণাদায়ক শারীরিক সমস্যায় ভুগছিলেন এক মহিলা। আগের দু’বার অস্ত্রোপচার করিয়েও কোনো স্থায়ী সমাধান পাননি তিনি। ক্রমাগত প্রস্রাব বেরিয়ে আসা, বারবার সংক্রমণ এবং শারীরিক অস্বস্তির পাশাপাশি তাঁর মানসিক ও দাম্পত্য জীবনেও এর গভীর প্রভাব পড়েছিল। অবশেষে ল্যাপারোস্কোপিক অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ওই মহিলা। মণিপাল হাসপাতাল ঢাকুরিয়ার চিকিৎসকদের দাবি, জটিল এই অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি স্বাভাবিকভাবে প্রস্রাব করতে পারছেন।

রোগীর নাম গীতা পাল (নাম পরিবর্তিত)। ২০১০ সালে জরায়ু বাদ দেওয়ার অস্ত্রোপচারের পর তাঁর শরীরে ভেসিকোভ্যাজাইনাল ফিস্টুলা (Vesicovaginal Fistula বা VVF) তৈরি হয়। এটি এমন একটি শারীরিক সমস্যা, যেখানে মূত্রথলি এবং যোনির মধ্যে অস্বাভাবিক সংযোগ তৈরি হয়। এর ফলে অনিয়ন্ত্রিতভাবে যোনিপথ দিয়ে প্রস্রাব বেরিয়ে আসতে থাকে। সময়মতো রোগ নির্ণয় ও উপযুক্ত চিকিৎসা না হলে এই সমস্যা মহিলাদের শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক সুস্থতা এবং স্বাভাবিক জীবনযাত্রাকেও মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে।

পরিবারের সদস্যদের এই রোগ সম্পর্কে তেমন ধারণা ছিল না। ফলে কীভাবে চিকিৎসা করানো সম্ভব, তা বুঝতে প্রথমে বেশ সমস্যায় পড়েছিলেন তাঁরা। ২০১১ সালে কলকাতায় প্রথমবার ফিস্টুলা মেরামতির অস্ত্রোপচার করানো হয়। কিন্তু সেই অস্ত্রোপচার সফল হয়নি এবং মাত্র ১৫ থেকে ২০ দিনের মধ্যেই ফের সমস্যা দেখা দেয়।

স্থায়ী সমাধানের আশায় ২০১৩ সালে চেন্নাইয়ের একটি নামী বেসরকারি হাসপাতালে দ্বিতীয়বার অস্ত্রোপচার করান তিনি। তবে এবারও সাফল্য আসেনি। অস্ত্রোপচারের মাত্র এক সপ্তাহের মধ্যেই ফের ফিস্টুলা তৈরি হয়। এর আগে জরায়ু বাদ দেওয়ার অস্ত্রোপচার এবং প্রথমবার ফিস্টুলা মেরামতির অস্ত্রোপচার খোলা পদ্ধতিতে করা হয়েছিল। দ্বিতীয়বার ফিস্টুলা মেরামতির ক্ষেত্রে রোবোটিক পদ্ধতি ব্যবহার করা হয়েছিল।

দু’বার অস্ত্রোপচার ব্যর্থ হওয়ার পর ধীরে ধীরে নতুন করে বড় অস্ত্রোপচার করানোর আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন ওই মহিলা। সংসারের দায়িত্ব সামলানোর চেষ্টা করলেও ক্রমাগত প্রস্রাব বেরিয়ে আসার সমস্যা তাঁর দৈনন্দিন জীবনকে কঠিন করে তুলেছিল। বারবার সংক্রমণ হওয়ায় তাঁকে একাধিকবার অ্যান্টিবায়োটিকও খেতে হয়। শারীরিক অস্বস্তির পাশাপাশি মানসিক চাপ বাড়তে থাকে এবং দাম্পত্য জীবনেও এর গভীর প্রভাব পড়ে। শেষ পর্যন্ত এই সমস্যাকে সঙ্গী করেই জীবন কাটাতে শুরু করেন তিনি।

তবে ক্রমাগত প্রস্রাব বেরিয়ে আসা এবং বারবার সংক্রমণের সমস্যা থেকে মুক্তি পাননি তিনি। পরে তাঁকে ফের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। রোগীর আগের চিকিৎসার ইতিহাস এবং দু’বার অস্ত্রোপচার ব্যর্থ হওয়ার বিষয়টি মাথায় রেখে নতুন করে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন চিকিৎসকরা।

অস্ত্রোপচারের আগে তাঁর সিটি স্ক্যান, সিস্টোস্কোপি এবং প্রয়োজনীয় রক্তপরীক্ষা করা হয়। এর মাধ্যমে ফিস্টুলার অবস্থান, গঠন এবং আশপাশের টিস্যুর পরিস্থিতি খতিয়ে দেখে অস্ত্রোপচারের পরিকল্পনা তৈরি করা হয়। সব দিক বিবেচনা করে শেষ পর্যন্ত ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে ফিস্টুলা মেরামতির সিদ্ধান্ত নেওয়া হয়। এই পদ্ধতিতে পেটে ছোট ছোট ছিদ্র করে ক্যামেরা এবং বিশেষ অস্ত্রোপচারের যন্ত্র প্রবেশ করানো হয়। তার সাহায্যে আক্রান্ত অংশে পৌঁছে ফিস্টুলা মেরামত করেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের পর প্রায় আট দিন হাসপাতালে রেখে তাঁর শারীরিক পরিস্থিতির উপর নজর রাখা হয়।

মণিপাল হাসপাতাল ঢাকুরিয়ার কনসালট্যান্ট ইউরোলজিস্ট চিকিৎসক বাস্তব ঘোষ জানান, ভেসিকোভ্যাজাইনাল ফিস্টুলা এমন একটি সমস্যা, যা মহিলাদের শারীরিক স্বাচ্ছন্দ্য, আত্মসম্মান এবং মানসিক সুস্থতার উপর গভীর প্রভাব ফেলতে পারে। ক্রমাগত প্রস্রাব বেরিয়ে আসা এবং বারবার সংক্রমণের কারণে দৈনন্দিন জীবন কঠিন হয়ে ওঠে। সামাজিক অস্বস্তি, মানসিক চাপ এবং যৌনজীবনেও এর প্রভাব পড়তে পারে।

তিনি আরও বলেন, আগে একাধিকবার অস্ত্রোপচার ব্যর্থ হলে এই রোগের চিকিৎসা আরও জটিল হয়ে যায়। কারণ আগের অস্ত্রোপচারের ফলে টিস্যুতে ক্ষত তৈরি হতে পারে এবং শরীরের স্বাভাবিক গঠনেও পরিবর্তন আসে। এই রোগীর চিকিৎসার ক্ষেত্রে তাঁর আগের অস্ত্রোপচার ও চিকিৎসার ইতিহাস ভালোভাবে খতিয়ে দেখে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে ফিস্টুলা মেরামতির সিদ্ধান্ত নেওয়া হয়। ছোট ছিদ্রের মাধ্যমে অস্ত্রোপচার করে আক্রান্ত অংশে পৌঁছনো সম্ভব হয়েছে। অস্ত্রোপচারের পর রোগীর স্বাভাবিক প্রস্রাবের ক্ষমতা ফিরে আসা অত্যন্ত আশাব্যঞ্জক।

অস্ত্রোপচারের এক মাস পরের ফলোআপে গীতা পালের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি দেখা গিয়েছে। চিকিৎসকদের মতে, তাঁর প্রস্রাব বেরিয়ে আসার সমস্যা সম্পূর্ণ বন্ধ হয়েছে এবং স্বাভাবিক প্রস্রাবের ক্ষমতা ফিরে এসেছে। দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি পেয়ে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা খুশি এবং বর্তমানে তিনি নিজের দৈনন্দিন কাজে ফিরেছেন। এই ঘটনা মহিলাদের ইউরোলজিক্যাল স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার প্রয়োজনীয়তাও তুলে ধরেছে এবং চিকিৎসকদের মতে, গাইনিকোলজিক্যাল অস্ত্রোপচারের পর এমন সমস্যা দেখা দিলে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *