অভিনয় শেখাতে গিয়ে দীপিকা পাড়ুকোনকে কেন ঝাঁট দেওয়াতে বাধ্য করেছিলেন অনুপম খের?

চোখে জল টলমল করছে। মেজাজ একেবারে বিগড়ে গিয়েছে। তবু হাত থেকে ঝাঁটা নামানোর কোনও উপায় নেই। ঘর ঝাঁট দিয়েই যেতে হবে, তাও আবার একদম বাড়ির কাজের লোকের মতো করে। ভাবতে পারেন, এই অবস্থা হয়েছিল দীপিকা পাড়ুকোনের। আজ তিনি বলিউডের প্রথম সারির তারকা, বিশ্বজুড়ে তাঁর পরিচিতি। কিন্তু শুরুর দিকে সামান্য ঘর ঝাঁট দিতে গিয়েই নাজেহাল হয়ে পড়েছিলেন তিনি। কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছিল দীপিকার জীবনে, আর কে-ই বা তাঁকে সেই কাজে বাধ্য করেছিলেন?
এই ঘটনার সাক্ষী ছিলেন অভিনেতা অনুপম খের। গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া বা ইফি-র এক আলোচনায় বসে পুরনো দিনের এই অভিজ্ঞতা ভাগ করে নেন অনুপম। ঘটনাটি ২০০৭ সালের আগের। তখনও শাহরুখ খানের বিপরীতে ফারহা খানের ওম শান্তি ওম সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেননি দীপিকা। সেই সময় মুম্বইয়ে অনুপম খেরের অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র অ্যাক্টর প্রিপেয়ার্স-এ তিন মাসের কোর্স করতে ভর্তি হয়েছিলেন তিনি।
তখন দীপিকা বেশ পরিচিত মুখ এবং সফল মডেল। শিক্ষিত পরিবার থেকে উঠে আসায় তাঁর চলাফেরা, ভঙ্গিমা আর কথা বলার ধরনে ছিল মার্জিত ছাপ। অনুপম খেরের কথায়, দীপিকা তাঁদের দ্বিতীয় ব্যাচের ছাত্রী ছিলেন। ফারহা তখন শাহরুখের সঙ্গে ওকে ছবিতে নেওয়ার বিষয়ে প্রায় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কিন্তু মডেল হওয়ার কারণে সব কিছুতেই একটা সাজানো-গোছানো ভাব ছিল দীপিকার মধ্যে। এমনকি চায়ের কাপটাও তুলতেন খুব পরিপাটি ভঙ্গিতে। অনুপমের মনে হতো, মাঝে মাঝে তাঁর অভিনয় দেখে স্বাভাবিক বা আসল বলে মনে হচ্ছে না।
দীপিকার এই সাজানো মডেল ভাবটা কাটাতেই একটি পরীক্ষা নেন অনুপম। একদিন ক্লাসে তিনি দীপিকাকে বলেন, বাড়ির কাজের লোকের মতো করে ঘর ঝাঁট দিতে। কিন্তু সেখানেও আলাদা ধরন। ঝাঁটা হাতে নিয়েও বেশ গুছিয়ে, মার্জিত ভঙ্গিতে ঝাঁট দিতে শুরু করেন দীপিকা। তা দেখে অনুপম সঙ্গে সঙ্গে নিজের বাড়ির কাজের মহিলাকে ক্লাসে ডেকে আনেন এবং ঘরটা ঝাঁট দিয়ে দেখাতে বলেন। ওই মহিলা একদম স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত ভাবে কাজটা করে দেখান।
এরপরই দীপিকাকে স্পষ্ট জানিয়ে দেন অনুপম, যতক্ষণ না তাঁর মনে হচ্ছে দীপিকা সত্যিই ঘর ঝাঁট দিচ্ছেন, ততক্ষণ এই অনুশীলন চলতেই থাকবে। শুরুর দিকে বেশ বিরক্ত হয়ে উঠেছিলেন দীপিকা। চোখে জলও এসে গিয়েছিল তাঁর। তবে হাল ছাড়েননি। অনুপম যেমনটা চেয়েছিলেন, শেষ পর্যন্ত তেমন ভাবেই কাজটা করে দেখান। পরে এই অভিজ্ঞতার জন্য অনুপমকে ধন্যবাদও জানান দীপিকা।
অনুপম খেরের মতে, এই ঘটনা দীপিকাকে বুঝিয়েছিল যে কোনও কিছু ঠিকভাবে শিখতে হলে বারবার অনুশীলন করতে হয়। পাশাপাশি সাফল্য বা কাজ পেতে হলে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার বাস্তব বুদ্ধিও জরুরি। দীপিকার সেই দিনের পরিশ্রম বিফলে যায়নি। ২০০৭ সালে মুক্তি পাওয়া ওম শান্তি ওম বক্স অফিসে বড় সাফল্য পায়, আর তারপর বলিউডে তাঁর নতুন যাত্রা সবারই জানা।