আমেরিকায় এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করল আইবিএম! চাপে বহু ভারতীয় কর্মী

আমেরিকায় কর্মরত বিদেশি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে তথ্যপ্রযুক্তি সংস্থা আইবিএম। সংস্থার কনসাল্টিং বিভাগের অধিকাংশ পদের ক্ষেত্রে এইচ-১বি ওয়ার্ক ভিসা এবং গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে অনিশ্চয়তার মুখে পড়েছেন বহু বিদেশি কর্মী, যাঁদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় রয়েছেন। পাশাপাশি আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আমেরিকা ছাড়তে হবে সংশ্লিষ্ট কর্মীদের, অন্যথায় চাকরি ছাড়ার পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে সংস্থা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির আবহে আইবিএমের এই পদক্ষেপে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সংস্থার এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারেন সেই সব কর্মী, যাঁরা এইচ-১বি ভিসায় আমেরিকায় কাজ করছেন এবং গ্রিন কার্ডের অপেক্ষায় রয়েছেন। আইবিএমের কনসাল্টিং ব্যবসায় দেড় লক্ষেরও বেশি কর্মী কাজ করেন। তাঁদের মধ্যে আমেরিকায় কর্মরত বিদেশি কর্মীর সংখ্যা কম নয় এবং ভারতীয়দের উপস্থিতি বিশেষভাবে চোখে পড়ার মতো। তবে এই সিদ্ধান্তে ঠিক কতজন ভারতীয় কর্মী প্রভাবিত হবেন, তা এখনও স্পষ্ট নয়।
জানা গিয়েছে, প্রভাবিত কর্মীদের আমেরিকার বাইরে সংস্থার অন্য কোনো দেশে গিয়ে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে। এই প্রস্তাব গ্রহণ করবেন কি না, তা আগামী তিন সপ্তাহের মধ্যে আইবিএম কর্তৃপক্ষকে জানাতে হবে। কেউ এই বিকল্পে রাজি না হলে তাঁর চাকরি ছাড়ার পরিস্থিতি তৈরি হতে পারে। সে ক্ষেত্রে ক্ষতিপূরণ হিসেবে তিন মাসের বেতন দিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে তাঁদের সংস্থা থেকে বিদায় জানানো হবে।
কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো, তার ব্যাখ্যাও দিয়েছে আইবিএম। সংস্থার যুক্তি, বদলে যাওয়া ব্যবসায়িক পরিস্থিতি এবং দক্ষ কর্মীর সহজলভ্যতার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, আগে আমেরিকায় উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মী নিয়োগের জন্য এইচ-১বি ভিসার ওপর নির্ভর করতে হতো, কিন্তু গত কয়েক বছরে সেই চাহিদা কমেছে। গ্রাহকদের প্রয়োজন এবং কর্মীদের দক্ষতার সহজলভ্যতা বদলানোর কারণেই কনসাল্টিং বিভাগের অধিকাংশ ক্ষেত্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সংস্থার সব বিভাগে এই নিয়ম কার্যকর হবে না বলেও জানানো হয়েছে।
যদিও ওয়াকিবহাল মহলের একাংশের মতে, এর পেছনে আমেরিকার বদলে যাওয়া অভিবাসন নীতির প্রভাবও থাকতে পারে। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ড সংক্রান্ত নিয়মে নানা কড়াকড়ি এনেছে। বিদেশি কর্মী নিয়োগ নিয়ে মার্কিন সরকারের অবস্থানও কঠোর হচ্ছে। ফলে আমেরিকায় কর্মরত ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে সংস্থার পক্ষ থেকে এই পদক্ষেপকে সরাসরি মার্কিন সরকারের নীতির সঙ্গে যুক্ত করা হয়নি।