‘নিজের কবর নিজে খুঁড়তেই ভালোবাসে’, একসময়ের ভক্ত সুদীপার মুখে এবার জীতুর বিরুদ্ধে বিস্ফোরণ

‘বিগ বস বাংলা’-র ঘরে একের পর এক বিতর্কে জড়িয়ে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে অভিনেতা জীতু কমল। ‘টিকিট টু ফিনালে’-র টাস্কে সৌরভ দাসকে ধাক্কা দেওয়ার ঘটনা থেকে শুরু করে সহ-প্রতিযোগী তনুশ্রীর মেয়েকে নিয়ে মন্তব্য— সব মিলিয়ে সোশাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন তিনি। এর আগে ‘এঁরাও মানুষ’ প্রযোজনা সংস্থার সঙ্গে জীতুর বিবাদে প্রকাশ্যে অভিনেতার পাশে দাঁড়িয়েছিলেন সঞ্চালিকা ও অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। কিন্তু বিগ বসের ঘরে জীতুর সাম্প্রতিক আচরণে বেশ হতাশ ও বিরক্ত তিনিও। সোশাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে জীতুর উপস্থাপনা এবং তনুশ্রীর সন্তানকে ঘিরে করা মন্তব্যের কড়া সমালোচনা করেছেন সুদীপা।

বিগ বস বাংলা দেখার অভিজ্ঞতা তুলে ধরে সুদীপা জানান, শুরুতে একটু ধন্দে থাকলেও বর্তমানে শোটি তাঁর বেশ ভালো লাগছে। তবে জীতুর বিতর্কিত দিকটি নিয়ে তিনি সরাসরি লেখেন, জীতু থাকবেন আর বিতর্ক থাকবে না, এমনটা হয় না। তাঁর মতে, জীতুর বড় সমস্যা হলো তিনি নিজেকে ঠিকভাবে তুলে ধরতে পারেন না, ফলে দর্শকদের কাছে ভুল বোঝাবুঝি তৈরি হয় এবং এটিই যেন তাঁর অভ্যাসে পরিণত হয়েছে। জীতু যে আর বদলাবেন না, সে কথাও জানান সুদীপা। অভিনেতার প্রশংসা করলেও উপস্থাপক হিসেবে তাঁর পারফরম্যান্স নিয়ে ক্ষোভ প্রকাশ করে সুদীপা লেখেন, জীতু অসাধারণ অভিনেতা হলেও উপস্থাপক হিসেবে ততটাই দুর্বল এবং নিজের বিপদ নিজেই ডেকে আনতে ভালোবাসেন।

সহ-প্রতিযোগী তনুশ্রীর মেয়েকে নিয়ে জীতুর মন্তব্য একেবারেই ভালোভাবে নেননি সুদীপা। একজন মায়ের জায়গা থেকে বিষয়টিকে অত্যন্ত সংবেদনশীল বলে উল্লেখ করেছেন তিনি। সুদীপার কথায়, তনুশ্রীর মেয়েকে নিয়ে জীতুর এমন মন্তব্য করা উচিত হয়নি। তিনি মানেন যে জীতু হয়তো খারাপ উদ্দেশ্যে কথাটি বলেননি, কিন্তু সন্তান একজন মায়ের কাছে সবচেয়ে আবেগের জায়গা। সেখানে আঘাত করা ঠিক হয়নি। এ বিষয়ে বিগ বস কর্তৃপক্ষের কিছু বলা উচিত বলেও মনে করেন তিনি। পাশাপাশি, সপ্তাহান্তে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর্বে জীতুকে নিয়ে কী হয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন সুদীপা।

জীতুর সমালোচনার পাশাপাশি ঘরের অন্য কয়েকজন প্রতিযোগীর প্রশংসাও শোনা গেছে সুদীপার লেখায়। তিনি জানান, মনামী ও তনুশ্রীকে তাঁর বেশ ভালো লাগে। বিশেষ করে রাজবীরের সারল্য তাঁর চোখে পড়েছে এবং তা প্রশংসার যোগ্য বলে মনে করেন তিনি। এ ছাড়া গায়ক দুর্নিবার সাহার গানেরও প্রশংসা করেছেন সুদীপা। দুর্নিবার মাঝেমধ্যে দারুণ গান করছেন এবং তাঁর ‘মা দে’ গানটি সুদীপার বিশেষভাবে ভালো লেগেছে বলে জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *