ইনস্টাগ্রামের ক্রিম মেখে কিডনির মারাত্মক অসুখে কিশোরী! শরীরে বিষাক্ত পারদের মাত্রা চমকে দেবে

সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রচার দেখে অনলাইনে কেনা ফেয়ারনেস ক্রিম ব্যবহারের পর ১৭ বছর বয়সী এক কিশোরী গুরুতর কিডনি রোগে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সংবাদ সংস্থা পিটিআই-কে এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

প্রায় এক বছর ধরে ওই ফেয়ারনেস ক্রিম ব্যবহারের পর হঠাৎ রক্তচাপ কমে যায় ওই কিশোরীর। এর পর সে অজ্ঞান হয়ে পড়ে এবং তার পা ফুলে যায়। পা ফুলে যাওয়ার কারণে হাঁটাচলা করতে ও সিঁড়ি দিয়ে উঠতে সমস্যা শুরু হয়। পরে চিকিৎসার জন্য সে কেরলের মালাপ্পুরমের অ্যাস্টার মিমস মাদার হাসপাতালে যায়।

হাসপাতালের চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী, ইনস্টাগ্রামের কয়েকজন ইনফ্লুয়েন্সারের প্রচার ভিডিও দেখেই ক্রিমটি অর্ডার করেছিল ওই কিশোরী। ওই ভিডিওগুলোতে দাবি করা হয়েছিল যে ক্রিমটি ব্যবহার করলে ব্রণ, কালো দাগ এবং ত্বকের পিগমেন্টেশন দূর হবে।

কিশোরী জানিয়েছে, ইনস্টাগ্রামে দেওয়া একটি হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে সে ক্রিমটি কেনে। প্রথম দিকে ক্রিমটি কাজ করছে মনে হওয়ায় পরের এক বছরে সে আরও কয়েকটি কৌটো কেনে।

বর্তমানে কিশোরীটির চিকিৎসা করছেন নেফ্রোলজিস্ট বা কিডনি বিশেষজ্ঞ ডা. গৌরী এস। তিনি পিটিআই-কে জানান, বিস্তারিত মেডিকেল পরীক্ষায় কিশোরীর রক্ত ও শরীরে অত্যন্ত বিপজজনক মাত্রায় পারদ বা মার্কারি পাওয়া গিয়েছে। তাঁর কথায়, পারদ কিডনির ছাঁকন প্রক্রিয়ার বা ফিল্টারিং ইউনিটের মারাত্মক ক্ষতি করতে পারে। তিনি আরও জানান, কিশোরীটির মেমব্রেনাস নেফ্রোপ্যাথি নামে একটি গুরুতর কিডনি রোগ ধরা পড়েছে। যথাযথ চিকিৎসা না করালে এটি আরও বড় শারীরিক জটিলতা তৈরি করতে পারে।

চিকিৎসকের দাবি, ক্রিমটি পরীক্ষা করে তাতে ১২,৫০০ পার্টস পার মিলিয়ন বা পিপিএম মাত্রায় পারদ পাওয়া গিয়েছে, অথচ অনুমোদিত মাত্রা প্রতি মিলিয়নে এক ভাগেরও কম। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পারদযুক্ত এই পণ্যটিই কিশোরীটির কিডনি রোগের কারণ বলে মনে করছেন তিনি।

ডা. গৌরী সবাইকে সতর্ক করে বলেছেন, যেসব বিজ্ঞাপনে ফেয়ারনেস ক্রিম ব্যবহারে দ্রুত ফল পাওয়া বা ত্বকের রঙ দ্রুত বদলানোর প্রতিশ্রুতি দেওয়া হয়, সেগুলো নিয়ে সতর্ক থাকা দরকার। ত্বকের কোনো সমস্যা হলে এমন পণ্যের ওপর ভরসা না করে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

কিশোরীর অভিযোগ, শারীরিক সমস্যার কথা জানালেও ওই সংস্থার কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। শুরুতে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে বলা হলেও পরে আর কোনো জবাব দেওয়া হয়নি বলে দাবি করেছে সে।

এ ঘটনায় ওই সংস্থার বিরুদ্ধে ভোক্তা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিশোরীর পরিবার। আইনি পদক্ষেপের বিষয়টি বিবেচনা করে আপাতত ক্রিমটির নাম প্রকাশ করেনি পরিবারটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *