সংরক্ষিত কেবিনের দরজা ধরে টানাটানি তরুণীর! মদ্যপ অবস্থায় কাণ্ড? কী বলছে আরপিএফ?

মুম্বইয়ের একটি লোকাল ট্রেনের মোটরম্যানের কেবিনে এক তরুণীর জোর করে ঢোকার চেষ্টার ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ওই ফুটেজে দেখা যাচ্ছে, সাধারণ যাত্রীদের জন্য নিষিদ্ধ এলাকার দরজার হাতল ধরে শরীর পেছনের দিকে বাঁকিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছেন এক তরুণী। নেটিজেনদের একাংশের দাবি, ওই তরুণী সম্ভবত মদ্যপ অবস্থায় ছিলেন। যদিও এই দাবির সত্যতা বা ঘটনার আসল কারণ এখনো আলাদাভাবে যাচাই করা যায়নি।
গত ১৬ নভেম্বর ইনস্টাগ্রামে এ নিয়ে একটি অভিযোগ সামনে আসে। এরপর রেলওয়ে সুরক্ষা বাহিনী বা আরপিএফ জানায়, প্রাথমিকভাবে গোরেগাঁও রেলওয়ে স্টেশনে লোকাল ট্রেনের মোটরম্যানের কেবিনের বাইরে ওই তরুণীকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বলে তারা তথ্য পেয়েছিল। অভিযোগ পাওয়ার পরই সহকারী সাব-ইন্সপেক্টর সুভাষ যাদব এবং হেড কনস্টেবল বিনায়ক কোরে ঘটনার সত্যতা খতিয়ে দেখতে গোরেগাঁও স্টেশনের স্টেশন মাস্টার এবং সরকারি রেল পুলিশের বা জিআরপির সঙ্গে কথা বলেন।
তবে রেলের আধিকারিকদের দাবি, গোরেগাঁও স্টেশনে এমন কোনো ঘটনার নথি তাঁদের কাছে নেই। আরপিএফের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট ট্রেনের মোটরম্যান বা গার্ড কেউই স্টেশন মাস্টারের দপ্তরে এ বিষয়ে কোনো অভিযোগ জানাননি। এমনকি স্টেশনের বিকেল ও রাতের শিফটের কর্মীদের জিজ্ঞাসাবাদ করেও এমন কোনো ঘটনার তথ্য মেলেনি। পাশাপাশি ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মের উত্তর ও দক্ষিণ প্রান্তের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেও ভাইরাল ভিডিওর সঙ্গে মেলে এমন কোনো দৃশ্য পাওয়া যায়নি। ফলে ভিডিওটি ঠিক কোন স্টেশনে তোলা হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি আরপিএফ।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ রসিকতা করে লিখেছেন, আজ দিদি ট্রেন চালাবেন। আরেকজনের মন্তব্য, মহিলা শক্তি। কারও আবার কৌতুক, ওই লোকো পাইলট বোধহয় তাঁর প্রেমিক। অন্যদিকে, নেটিজেনদের একটি বড় অংশ এমন ঘটনাকে নিরাপত্তার দিক থেকে বিপজ্জনক বলে উদ্বেগ প্রকাশ করেছেন।