ইয়ারফোন ছাড়া রিলস দেখলে বা চিৎকার করলে কড়া শাস্তি! কোন কোন স্টেশন ও ট্রেনে লাগু এই নিয়ম?

ট্রেনে ও স্টেশনে মোবাইলে স্পিকার বা জোরে কথা বললে কড়া শাস্তি, বিশেষ নির্দেশিকা পূর্ব রেলের
ট্রেনে বা স্টেশনে যাতায়াতের সময় সহযাত্রীদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় মোবাইল ফোন থেকে ভেসে আসা গানের কথা বা রিলসের সংলাপ। এবার তা রুখতে কড়া পদক্ষেপ করল পূর্ব রেল। স্টেশন চত্বর এবং ট্রেনের কামরায় মোবাইলের স্পিকার অন করে গান বাজানো, ভিডিয়ো বা রিলস দেখা, উচ্চস্বরে রিংটোন বাজানো এবং ফোনে চিৎকার করে বা দীর্ঘক্ষণ কথা বলার বিরুদ্ধে বিশেষ নির্দেশিকা জারি করেছে পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজারের (পিসিসিএম) দফতর। নিয়ম না মানলে জরিমানা এবং ক্ষেত্রবিশেষে কারাদণ্ডের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
নির্দেশিকার প্রেক্ষাপট ও প্রাপক
পূর্ব রেলের চিফ কমার্শিয়াল ম্যানেজার (পিএস) সুনীল কুমার মাহালার স্বাক্ষরিত এই নির্দেশিকাটি শিয়ালদা, হাওড়া, আসানসোল এবং মালদা— এই চারটি বিভাগের বিভাগীয় রেলওয়ে ম্যানেজারদের (ডিআরএম) কাছে পাঠানো হয়েছে। ২০১২ সালের ২৩ জুলাই রেলওয়ে বোর্ডের জারি করা পুরনো নির্দেশিকা এবং ২০২৬ সালের ৬ অক্টোবর দক্ষিণ রেলের জারি করা সাম্প্রতিক একটি নির্দেশিকার সূত্র ধরেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।
কী কী পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে?
নির্দেশিকায় প্রতিটি বিভাগকে মূলত চারটি বিষয়ে জোর দিতে বলা হয়েছে:
-
মাইকে নিয়মিত ঘোষণা: স্টেশনগুলিতে পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে আঞ্চলিক ভাষা (বাংলা), হিন্দি এবং ইংরেজিতে নিয়মিত ঘোষণা করতে হবে। সম্ভব হলে ট্রেনের কামরার ভিতরেও এই ঘোষণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে; যাত্রীদের অনুরোধ করা হবে যাতে তাঁরা স্পিকার মোডে গান বা ভিডিয়ো না চালান এবং ফোনে দীর্ঘক্ষণ বা উচ্চস্বরে কথা না বলেন।
-
সতর্কতামূলক পোস্টার ও স্টিকার: স্টেশনের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে এবং ট্রেনের কামরার ভিতরে, বিশেষ করে বাতানুকূল (এসি) কামরাগুলিতে সচেতনতামূলক পোস্টার বা স্টিকার লাগাতে হবে। যাত্রীদের ফোন সাইলেন্ট বা ভাইব্রেশন মোডে রাখতে এবং রিংটোনের ভলিউম কমিয়ে রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। ওই স্টিকারগুলিতে স্পষ্ট লেখা থাকবে যে ভ্রমণকালে এবং রেল চত্বরে দয়া করে মোবাইলের স্পিকারে গান বা ভিডিয়ো চালাবেন না এবং জোরে কথা বলা থেকে বিরত থাকুন; এই ধরনের আচরণে রেলওয়ে আইনের ১৪৫ নম্বর ধারায় জরিমানা এবং/অথবা কারাদণ্ড হতে পারে, তাই প্রয়োজনে ইয়ারফোন ব্যবহার করুন।
আইনি শাস্তি ও জরিমানা
সহযাত্রীদের অসুবিধা সৃষ্টি করলে বা তা যদি ‘উপদ্রবের’ পর্যায়ে পৌঁছয়, তাহলে ১৯৮৯ সালের রেলওয়ে আইনের (সংশোধিত) ১৪৫ নম্বর ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, জন-বিশ্বাস (সংশোধনী) আইনের আওতায় সংশোধিত ১৪৫(২)(এ) ধারা অনুযায়ী, প্রথমবার নিয়ম ভাঙলে অভিযুক্ত যাত্রীকে রেল চত্বর বা ট্রেন থেকে নামিয়ে দেওয়া হতে পারে এবং ১০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। কর্তব্যরত রেলকর্মীর সতর্কবার্তার পরেও কেউ যদি একই আচরণ চালিয়ে যান, তবে তাঁর ৬ মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড অথবা ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা, বা উভয় দণ্ডই হতে পারে।
কারা ব্যবস্থা নিতে পারবেন?
নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, টিকিট পরীক্ষক (টিকেটিই) বা তাঁর উপরের পদমর্যাদার কমার্শিয়াল বিভাগের আধিকারিকরাই কেবল এই নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে পারবেন; টিকিট পরীক্ষকের নিচের স্তরের কোনো কর্মী এই পদক্ষেপ নিতে পারবেন না।
রিপোর্ট তলব ও বর্তমান পরিস্থিতি
নির্দেশিকায় আরও বলা হয়েছে, প্রতিটি ডিভিশনকে দ্রুত এই নিয়ম কার্যকর করতে হবে এবং সব রেল স্টেশনের নোটিশ বোর্ডে এই বিজ্ঞপ্তি টাঙিয়ে দিতে হবে। পাশাপাশি, কোন ডিভিশনে কী কী সচেতনতামূলক প্রচার চালানো হলো এবং নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হলো, তার একটি বিস্তারিত ‘ইমপ্লিমেন্টেশন রিপোর্ট’ দ্রুত সদর দফতরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি দক্ষিণ রেল, উত্তর রেল ও পশ্চিম রেলের বিভিন্ন ডিভিশনেও একই ধরনের কড়াকড়ি শুরু হয়েছে; দূরপাল্লার এবং রাতের ট্রেনে সহযাত্রীদের ফোনে জোরে রিলস দেখা বা চিৎকার করে কথা বলা নিয়ে রেলের ‘রেলমদদ’ পোর্টালে প্রচুর অভিযোগ জমা পড়ছিল এবং সেই অভিযোগের ভিত্তিতেই এই কড়া অবস্থান নিয়েছে ভারতীয় রেল। তবে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের তরফে জানানো হয়েছে, কলকাতা মেট্রো রেলের তরফে এখনও এই সংক্রান্ত আলাদা কোনো নির্দেশিকা জারি করা হয়নি।