এক সপ্তাহে ২৯ থেকে ৪০২-এ ছুটল দূষণ? শ্রীনগরের বাতাস নিয়ে বিস্ফোরক রিপোর্টে চাঞ্চল্য!

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে শ্রীনগর, একিউআই নিয়ে ভিন্নমত সিপিসিবি-র
ভূস্বর্গ বলে পরিচিত। এবার সেই শ্রীনগরই বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষস্থানে উঠে এসেছে বলে দাবি করেছে বেসরকারি সংস্থা একিউআই ডট ইন (AQI.in)। তাদের প্রকাশিত এই চাঞ্চল্যকর তথ্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, একিউআই ডট ইন-এর প্রকাশিত তথ্যে শুক্রবার (২০ নভেম্বর) শ্রীনগরের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ৩৫৪-এ পৌঁছেছে; অর্থাৎ পাহাড়ে ঘেরা এই শহরের বাতাসের মান অতি সঙ্কটজনক মাত্রায় রয়েছে। যদিও এই পরিসংখ্যানের সঙ্গে ভিন্নমত পোষণ করেছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (সিপিসিবি)। সিপিসিবি-র তথ্য অনুযায়ী, শ্রীনগরের একিউআই মাত্র ৫৯।
তালিকার শীর্ষে শ্রীনগর, ধূলিকণার মাত্রা কত?
২০ নভেম্বর একিউআই ডট ইন-এর প্রকাশিত তালিকায় ভারত ও পাকিস্তানের বহু দূষিত শহরকে পিছনে ফেলে শীর্ষে রয়েছে শ্রীনগর। ওই তালিকায় এরপর রয়েছে হরিয়ানার হিসার (৩২৮), লুধিয়ানা (৩০৯) এবং অমৃতসর (৩০২)। শুক্রবার দুপুরে শ্রীনগরের বাতাসে অতি সূক্ষ্ম ধূলিকণা পিএম ২.৫ (PM2.5)-এর মাত্রা ছিল ১৯১ মাইক্রোগ্রাম এবং পিএম ১০ (PM10)-এর মাত্রা ছিল ২৪৮ মাইক্রোগ্রাম। বিশেষজ্ঞদের মতে, অতি সূক্ষ্ম হওয়ায় পিএম ২.৫ কণা সরাসরি ফুসফুস ও রক্তপ্রবাহে মিশে যেতে পারে, যার ফলে শ্বাসকষ্ট ও হৃদরোগের ঝুঁকি বাড়ে।
হঠাৎ কেন এই পরিস্থিতি?
বিশেষজ্ঞদের মতে, শ্রীনগরের এই পরিস্থিতির পেছনে ভৌগোলিক অবস্থান, আবহাওয়া এবং মানুষের ক্রিয়াকলাপ— এই তিন কারণই কাজ করছে। পাহাড় ঘেরা উপত্যকায় অবস্থিত হওয়ায় শ্রীনগরে বাতাস চলাচলে বাধা তৈরি হয় এবং দূষিত কণা সহজে বেরোতে না পেরে আটকে পড়ে। শীতকালে রাতের দিকে ভূপৃষ্ঠ দ্রুত ঠান্ডা হওয়ায় মাটির কাছাকাছি থাকা বায়ু শীতল হয়ে যায়, আর ওপরের উষ্ণ বাতাস ঢাকনার মতো কাজ করে বায়ুর উল্লম্ব চলাচল আটকে দেয়; ফলে দূষিত পদার্থ ভূপৃষ্ঠের কাছাকাছিই জমে থাকে। তাছাড়া ১৯ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস থাকায় বৃষ্টি বা তুষারপাতের মাধ্যমে বাতাস পরিষ্কার হওয়ার সম্ভাবনাও আপাতত কম।
অন্যদিকে সিপিসিবি-র তথ্য অনুযায়ী, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজ, রাস্তার ধুলো, আবর্জনা পোড়ানো এবং ডিজেল জেনারেটরের ব্যবহার বাড়ায় দূষণ বৃদ্ধি পাচ্ছে। এর সঙ্গে শীতের রাতে ঠান্ডা থেকে বাঁচতে কাঠকয়লায় আগুন জ্বালিয়ে ঘর গরম রাখার প্রবণতাও দূষণ বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা নিচ্ছে।
এক সপ্তাহে বদলে যাওয়া ছবি
প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৩ নভেম্বর শ্রীনগরের একিউআই ছিল মাত্র ২৯। ১৯ নভেম্বর তা লাফিয়ে ৪০২-এ পৌঁছে যায় এবং ২০ নভেম্বর সামান্য কমে ৩৫৪-এ দাঁড়ায়। ফলে অনুকূল আবহাওয়া ও স্থানীয় দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে পাহাড়ঘেরা এই উপত্যকাও দীর্ঘমেয়াদে দূষণের হটস্পটে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।