রাজারহাটের ৫ কোটি টাকা উদ্ধার কাণ্ডে ফের সক্রিয় পুলিশ! সিউড়ি থেকে ভবানীভবনে টুলু মণ্ডল

৫ কোটি টাকা উদ্ধার কাণ্ডে বীরভূমের ব্যবসায়ী টুলু মণ্ডলকে ভবানীভবনে তলব রাজ্য পুলিশের
বীরভূমের পাথর ব্যবসায়ী নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলকে ভবানীভবনে তলব করল রাজ্য পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ২টোর আগেই ভবানীভবনে হাজির হন টুলু। ভবানীভবনের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) বিভাগে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল।
জানা গিয়েছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিউড়ির সুভাষপল্লিতে টুলু মণ্ডলের বাড়িতে হাজিরার নোটিস পাঠানো হয়। সেই নোটিসের ভিত্তিতেই এদিন ভবানীভবনে আসেন বীরভূমের এই পাথর ব্যবসায়ী।
কীসের সূত্রে তলব? সামনে এল পুরনো যোগ
গত বছরের ১৬ নভেম্বর রাজারহাটে একটি গাড়ি থেকে ৫ কোটি টাকা উদ্ধার হয়েছিল। সেই ঘটনায় তখনই রাজ্য পুলিশের নজরে এসেছিলেন টুলু মণ্ডল। তদন্তকারীদের সূত্রে খবর, রাজারহাটের সেই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনার সূত্রেই এবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
পিছিয়ে গেল আগাম জামিনের শুনানি
অন্যদিকে, আইনি লড়াইয়েও আপাতত স্বস্তি মিলল না টুলু মণ্ডলের। তাঁর আগাম জামিনের মামলার শুনানি পিছিয়ে গেছে। সংশ্লিষ্ট সব মামলার শুনানি আগামী ২৬ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।