জার্মানি থেকে দুবাই হয়ে ভারতে ১৩ কোটি! বিদেশি অর্থের রহস্য খতিয়ে দেখছে ইডি

বিদেশি অর্থের উৎস গোপন করতে ছয় দেশের জটিল জাল, ইডির তদন্তে উঠে এল বড় তথ্য
হাওয়ালা এবং ডিজিটাল মুদ্রার পথ ধরে ভারতে প্রায় দেড় মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ কোটি টাকা নিয়ে আসার এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তদন্তে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির দাবি, দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রভাব বিস্তার এবং হস্তক্ষেপের উদ্দেশ্যেই এই বিপুল পরিমাণ বিদেশি অর্থ অনুদান বা গ্রান্টের মোড়কে ভারতে পাঠানো হয়েছে।
এই আর্থিক লেনদেনের সূত্র ধরেই এবার নাম উঠে এসেছে অনুসন্ধানী সাংবাদিক রবি নায়ারের। যদিও ইডির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি, তবে তদন্তকারী সংস্থা সূত্রে এই জটিল আর্থিক চক্রের তথ্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক ও সংবাদমাধ্যম মহলে শুরু হয়েছে জোর আলোচনা।
ইডির তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী, এই অর্থের গতিপথ অত্যন্ত সুপরিকল্পিতভাবে একাধিক স্তরে ভাগ করা হয়েছিল, যাতে টাকার মূল উৎস বা প্রেরককে সহজে চিহ্নিত করা না যায়। তদন্তকারীদের দাবি, এই চক্রের সূত্রপাত হয়েছিল জার্মানিতে। সেখানকার ডঃ ম্যাথিয়াস কার্ল ভগট ট্রাস্ট থেকে প্রথম পর্যায়ে ১ মিলিয়ন মার্কিন ডলার ছাড়া হয়।
জার্মানির কঠোর আর্থিক আইন ও নজরদারি এড়াতে সেই অর্থ সরাসরি না পাঠিয়ে প্রথমে লিথুয়ানিয়ার এক্সবেস ডিজিটাল ইউএবি নামক একটি সংস্থায় স্থানান্তর করা হয়। এরপর লিথুয়ানিয়া থেকে অর্থ পাঠানো হয় দুবাইয়ে, যেখানে হাওয়ালা চ্যানেল এবং ডিজিটাল অ্যাসেট বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেনের রূপ বদলানো হয়।
দুবাইয়ের ধাপ পেরিয়ে টাকা পৌঁছায় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কর-স্বর্গ হিসেবে পরিচিত সেন্ট কিটস অ্যান্ড নেভিসে নথিভুক্ত টিসিসি ডিজিটাল মার্কেটস লিমিটেড নামক একটি সংস্থার কাছে। সেখানে অর্থের উৎস আড়াল করার পর তা পাঠানো হয় ব্রিটেনের (ইউকে) একটি সংস্থার এয়ারওয়ালেক্স অ্যাকাউন্টে। ২০২৬ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসের মধ্যে দুই দফায় ৩,৬৭,০০৬ পাউন্ড এবং ৩,৭১,৭৪৬ পাউন্ড এই ১ মিলিয়ন ডলার ব্রিটেনের ওই অ্যাকাউন্টে জমা পড়ে এবং পরবর্তীতে অনুদান বা গ্রান্ট হিসেবে তা ভারতে পাঠানো হয়।
শুধু জার্মানি থেকেই নয়, তদন্তে আরও একটি সমান্তরাল লেনদেনের হদিস পেয়েছে ইডি। জানা গিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে কানাডায় নথিভুক্ত জেডবেস ডিজিটাল ইনকর্পোরেটেড নামক একটি সংস্থা থেকে আরও ৫ লক্ষ মার্কিন ডলার ব্রিটেনের সেই একই এয়ারওয়ালেক্স অ্যাকাউন্টে জমা পড়েছিল। সব মিলিয়ে প্রায় দেড় মিলিয়ন ডলারের এই অঙ্ক স্তরে স্তরে ভেঙে এমনভাবে ঘোরানো হয়েছিল, যাতে সাধারণ নজরদারিতে তা সহজে ধরা না পড়ে।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এই বিদেশি তহবিলের সুবিধাভোগীদের তালিকায় সাংবাদিক রবি নায়ারের নাম উঠে এসেছে। এর আগে কর্পোরেট সংক্রান্ত একাধিক প্রতিবেদনের জেরে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা ও সাজার নজির রয়েছে। অভিযোগ উঠেছে, এই অর্থের একটি অংশ ব্যক্তিগত বিলাসবহুল গাড়ি কেনা থেকে শুরু করে নির্দিষ্ট কিছু প্রচারমূলক কাজে ব্যবহার করা হয়ে থাকতে পারে। যদিও এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত কোনো এফআইআর বা আনুষ্ঠানিক আদালতের নথি প্রকাশ্যে আসেনি, তবে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (ফেমা) এবং অর্থ তছরুপ প্রতিরোধ আইনের (পিএমএলএ) আওতায় এই ছয় দেশের আর্থিক যোগসূত্র খতিয়ে দেখছে কেন্দ্রীয় সংস্থা।