২০১৯ থেকেই লড়াই চলছে, সিস্টেমের ভিতরে ঘুণ পোকা!’ ব্রাত্য-ইন্দ্রনীল ইস্যুতে তোলপাড়

ব্রাত্য বসু ও ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে যৌন হেনস্থা, ধর্ষণ, তোলাবাজি, অনৈতিকভাবে আটকে রাখা, বিশ্বাসভঙ্গ, দুর্নীতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো একাধিক ধারায় জিরো এফআইআর (Zero FIR) দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। তিনজন নির্যাতিতা পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা ও তদন্তের দাবিতে বাগুইহাটি থানায় অভিযোগ দায়ের করেন সমাজকর্মী রাজীব সরকার। তাঁর আবেদনের ভিত্তিতেই বাগুইহাটি থানায় এই জিরো এফআইআর নথিভুক্ত হয়েছে।
অভিযোগকারীর বক্তব্য ও পুরনো অভিযোগের প্রসঙ্গ রাজীব সরকারের দাবি, “কয়েকজন রাজনৈতিক নেতা বলছেন, এই মহিলারা কেন আগে অভিযোগ করেননি। তাঁরা হয়তো জানেন না, ২০১৯ থেকে এই মহিলারা এই অভিযোগ নিয়ে লড়াই করছেন। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে এবং ওএসডি সৌম হালদারের অফিসে গিয়ে লিখিত অভিযোগ জানান। সেই অভিযোগ জানিয়ে যখন ওই মহিলারা অফিসে ফিরে যান, তখন দেখা যায় ইন্দ্রনীল সেন তাঁর রবীন্দ্র সদনের মহিলা পরিবেষ্টিত অফিসে বসে সেই অভিযোগের কপি হাতে নিয়ে মহিলাদের দেখাচ্ছেন। এবং সম্ভবত তপন তরফদার, রবীন্দ্র সদনের কোনও বড় অফিসার বলেন মহিলাদের, এই সব অভিযোগ করে কোনও লাভ নেই, আমরা জানি এগুলো নিয়ে কী করতে হয়।”
নথি ও তদন্তের দাবি রাজীব সরকার আরও বলেন, “যাঁরা অভিযোগ করছেন এঁরা সত্যি বলছে কি না, বা বিজেপি আসার পর ইচ্ছাকৃত এগুলো করছেন কি না এগুলো ভুল। এই মহিলাদের কাছে যা ডকুমেন্ট আছে, তা যদি ফাঁস করে দেয়, এই সরকারি লেভেলে যে কী নোংরামি হয়েছে তা কল্পনাতীত। এই মহিলারা ডিজি, মহিলা কমিশনের কাছে যা অভিযোগ করেছেন, আমি সেই অভিযোগের উপরে এবং ব্রাত্য বসুর প্রাক্তন আপ্তসহায়ক পৃথ্বীশ রানা এবং গায়িকা যা যা অভিযোগ এনেছেন সেগুলির তদন্তের জন্য আমি বাগুইআটি থানায় একটি অভিযোগ দায়ের করেছি।”
চাকরি খোয়ানো ও ‘সিস্টেম’-এর প্রসঙ্গ নিজের বক্তব্যে রাজীব সরকার দাবি করেন, “ওঁদের অভিযোগ ঠিক কি না, সেটা জানার জন্যই আমি জিরো এফআইআর দায়ের করেছি। সবচেয়ে দুঃখের হল, ২০২৬-এ শুভেন্দু অধিকারী সরকার গঠন করার পর ভরসা ইন, ভয় আউট কথাকে বিশ্বাস করে তাঁরা ফেসবুকে, মিডিয়া ও প্রকাশ্যে অভিযোগ করেছিলেন। সেই অপরাধে তাঁদের কোনও শোকজ ছাড়াই বলা হয়েছে চাকরি থেকে বের করা হয়। টার্মিনেশন লেটার দেওয়া হয়। তাহলে সিস্টেমেই তো ভূত রয়েছে। ২০১৯ থেকে এগুলি হয়ে আসছে। তাহলে এই অভিযোগগুলির তদন্ত হোক। এখনই গ্রেফতার করুন তো বলছি না ব্রাত্য বসুকে, বা ৪০ জন আধিকারিককে। সিস্টেমে অভিযুক্তরা কীভাবে রয়েছে? অভিযুক্তদের নিয়ে তদন্ত হোক। সিস্টেমের ভিতরের ঘুণ পোকাগুলিকে খুঁজে বের করা হোক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চেষ্টা তাহলে কীভাবে সফল হবে? তদন্ত হলে অন্তত ৩০ জন গ্রেফতার হবে।”